জেনেভা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতিতে কলেরা মহামারিতে মারাত্মকভাবে বেড়ে যাওয়া মৃত্যুহার জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের চিকিৎসার কারণে কমতে শুরু করেছে বলে বুধবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টাস্কফোর্স অন কলেরা কন্ট্রোলের প্রধান ডা. ক্লেয়ার লাইস চেইগনেট এক সংবাদ সম্মেলনে বলেছেন, মৃত্যুহার এখন ৭ দশমিক ৭ শতাংশ। এ মৃত্যুহার এখানো স্বাভাবিক না হলেও গত সপ্তাহে কলেরা ছড়িয়ে পড়ার সময়কার মৃত্যুহারের তুলনায় কম।
ডব্লিউএইচও'র হিসাবে কলেরায় স্বাভাবিক মৃত্যুহার ১ বা তারও কম শতাংশ ধরা হয়। গত সপ্তাহে মৃত্যুহার ১০ শতাংশের কম ছিল।
মূলত হাইতির উত্তরাঞ্চরে কলেরা মহামারি আকারে ছড়িয়েছে। আর এখন রাজধানী পোর্ট-অ-প্রিন্সের দক্ষিণাঞ্চল এবং ১২ জানুয়ারী ভূমিকম্পে বাস্তুহীনদের শিবিরে এ রোগ সংক্রমণ ঠেকানোর চেষ্টা করছে জাতিসংঘ সংস্থাটি।
ক্লেয়ার লাইস বলেন, "হাইতিতে কলেরা ভয়াবহ মহামারী আকারে দেখা দিয়েছে।"
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, হাইতিতে ৩ হাজার ৭৬৯ জন কলেরায় আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে ২৮৪ জনের প্রাণহানি হয়েছে।
রোগটি এখন দারিদ্রপিড়ীত ক্যারিবিয়ান রাজ্যে ছড়িয়ে পড়তে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
আক্রান্ত এলাকার লোকদের বিশুদ্ধ পানির নিশ্চয়তা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতার প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৭ঘ.
bdnews24