২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজামুখী ত্রাণজাহাজে ৩০৮ বুলেট ছুড়েছিলো ইসরায়েল

গত মে মাসে গাজাগামী ত্রাণজাহাজে ৩০৮ রাউন্ড তাজা বুলেট ছুড়েছিলো ইসরায়েলি কমান্ডোরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

জেরুজালেম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গত মে মাসে গাজাগামী ত্রাণজাহাজে ৩০৮ রাউন্ড তাজা বুলেট ছুড়েছিলো ইসরায়েলি কমান্ডোরা। জাহাজের যাত্রীদের সশস্ত্র হামলা মোকাবেলা করতে এতোগুলো বুলেট ছোড়া হয় বলে রোববার জানিয়েছেন ইসরায়েলের এক শীর্ষ জেনারেল। গাজামুখী ত্রাণজাহজে ইসরায়েলি হামলার ঘটনার রাষ্ট্রীয় তদন্তে দ্বিতীয় দফায় এ সাক্ষ্য দিয়েছেন লেফটেন্যান্ট-জেনারেল গবি আশকেনাজি। 'মাভি মারমারা' নামক ঐ জাহাজে ফিলিস্তিন-পন্থি ৯ তুর্কি ত্রাণকর্মী হত্যার ঘটনা এড়ানো ইসরায়েলি নৌবাহিনীর পক্ষে সম্ভব ছিলো না বলে জানান তিনি। ছয়-সদস্যের তার্কেল কমিশনে আশকেনাজি বলেন, "মেরিন কমোন্ডোদের কাছে দাঙ্গা ঠেকানোর মামুলি হাতিয়ার ছিলো। কিন্তু সশস্ত্র যাত্রীদের হামলা প্রতিরোধে তারা চটজলদি তাজা বুলেট ছুড়েছে। তা না করলে হতাহতের ঘটনা আরো বেশি ঘটতো।" মাভি মারমারায় কমান্ডো অভিযানের জন্য ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ ও ক্ষমা দাবি করে আসা আঙ্কারা ইসরায়েল সরকারের গঠিত তার্কেল প্যানেলের তদন্ত নাকচ করেছে। কিন্তু এ কমিশনটি ইসরায়েলি নৌবাহিনীর পুঙ্খানুপুঙ্খ তদন্তের ইঙ্গিত দিয়েছে মাভি মারমারা জাহাজের যাত্রীদের সাক্ষ্য আহ্বান করে। যাদের বেশিরভাগই বলে আসছেন, ইসরায়েলি কমান্ডোরা কোনো উস্কানি ছাড়াই তাদের ওপর চড়াও হয়েছে। আশকেনাজি বলেছেন, সেনারা ৩০৮ রাউণ্ড তাজা বুলেট ছুড়েছে। এর মধ্যে ৭০ টি বুলেট ছোড়া হয়েছে যাত্রীদের আহত করার উদ্দেশে। আর বাদবাকী বুলেটগুলো ছিল সতর্কতামূলক ফাঁকা গুলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৮ ঘ.