ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাক যুদ্ধ সংক্রান্ত মার্কিন সামরিক বাহিনীর প্রায় চার লাখ গোপন নথি প্রকাশের সময় নিয়ে উইকিলিকস ওয়েবসাইটের নিন্দা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরাকে নতুন সরকার গঠনে মালিকির প্রচেষ্টাকে ব্যাহত করার জন্য উইলিকিস এ কাজ করেছে বলে অভিযোগ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।
গত মার্চে ইরাকের সাধারণ নির্বাচনের ফলাফলে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়।
তবে প্রধানমন্ত্রী নুরি আল মালিকি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এরই মধ্যে উইকিলিক্স ইরাক যুদ্ধ সম্পর্কে সত্য ঘটনা প্রকাশের দাবি করে বলেছে, মালিকির নিয়ন্ত্রণাধীন বাহিনী ডেথ স্কোয়াড হিসাবে কাজ করেছে।
উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসেঞ্জে বলেন, প্রতিটি ক্ষেত্রে রক্তক্ষয় হয়েছে। এ থেকে যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া যায়।
কিন্তু মালিকির দপ্তর উইকিলিক্সের অভিযোগ খণ্ডন করে বলেছে, ইরাকি নিরাপত্তা বাহিনী আইনের শাসন মেনেই কাজ করেছে। তাছাড়া, উইকিলিক্সের প্রকাশিত দলিলেও ইরাকি বন্দীরা নির্যাতত হওয়ার কোনো প্রমাণ নেই বলে দাবি করেছে তারা।
কিন্তু এ সময়ে উইকিলিকসের এ তথ্য ফাঁস তার সরকার গঠনের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে বলে অভিযোগ করছেন মালিকি।
তবে ইরাক যুদ্ধ সম্পর্কে সঠিক তথ্য প্রকাশের জন্য এ কাজ করেছে বলে জানিয়েছে উইকিলিকস।
শুক্রবার প্রকাশিত এসব নথিতে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইরাক যুদ্ধে মার্কিন বাহিনীর অসহায়ত্বের বিবরণ রয়েছে।
পাশাপাশি ওই সময় ইরাকি বাহিনীর হাতে বন্দিদের ওপর নির্মম অত্যাচার ও ইরাকি পুলিশ এবং সেনাদের অনেক অপরাধের প্রমাণও এতে উঠে এসেছে।
কিন্তু মার্কিন বাহিনী সেসব অপরাধ তদন্তে ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে প্রকাশিত নথিতে দেখা গেছে, ইরাকি কর্তৃপক্ষ মার্কিন বাহিনীর বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি। পাশাপাশি, ইরাকিরাই ইরাকিদের হত্যার জন্য বেশি দায়ী বলে প্রমাণ মিলেছে।
গোপন নথি অনুযায়ী, ইরান নানাভাবে ইরাকি জঙ্গিদের সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে।
পেন্টাগন এসব নথি ফাঁসের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ওয়েবসাইটটি জুলাই মাসে আফগান যুদ্ধ সম্পর্কিত ৭০ হাজারেরও বেশি গোপন নথি ফাঁস করে।
মার্কিন কর্মকর্তারা জানান, নথি ফাঁসের ঘটনা মার্কিন সেনাদের বিপদের মধ্যে ফেলে দিয়েছে এবং মার্কিন বাহিনীকে সহযোগিতাকারী ৩শ' ইরাকি এখন ঝুঁকির মধ্যে রয়েছে।
নথিতে দেখা যাচ্ছে, ২০০৩ সালে ইরাক আক্রমণের পর মার্কিন চেকপোস্টগুলোতেও অগণিত মানুষকে প্রাণ হারাতে হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ এ অভিযোগ বরাবরই অস্বীকার করলেও গোপন নথি অনুযায়ী, ২০০৯ সাল পর্যন্ত ইরাক যুদ্ধে নিহতের সংখ্যা প্রায় ১ লাখ ৯ হাজার।
দুঃখজনক হলেও সত্য নিহতদের মধ্যে ৬৬ হাজার ৮১ জনই বেসামরিক মানুষ।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এসব নথিকে যুদ্ধাপরাধের প্রমাণ বলে উল্লেখ করেছেন। তবে পেন্টাগন এসব নথিকে একেবারের 'প্রাথমিক পর্যায়ের' প্রতিবেদন বলে দাবি করছে।
মার্কিন তথ্যমন্ত্রী জিওফ মোরেল বলেন, "আইন ভেঙে এসব গোপন নথি প্রকাশ ও পুরো বিশ্বের সামনে উপস্থাপনের জন্য আমরা উইকিলিকসের নিন্দা জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১২৪৬ ঘ.
bdnews24