প্যারিস, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফ্রান্সে পেনশন বিধি সংস্কার ঠেকাতে আগামী সপ্তাহে আরও বড় ধরনের ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির অন্যতম প্রধান শ্রমিক ইউনিয়ন।
ইউরোপে সরকারি ব্যয় সংকোচনের প্রতিবাদে আন্দোলন-বিক্ষোভের মধ্যে ফ্রান্সের চলমান আন্দোলনই সবচেয়ে বড় ও দীর্ঘ সময় ধরে চলছে।
ফ্রান্স জুড়ে সাত দিনব্যাপী জাতীয় আন্দোলনের পরিকল্পনা গ্রহণের জন্য সিজিটি ওয়ার্কার্স কনফেডারেশনের নেতারা আলোচনায় বসার আগে এর প্রধান বার্নার্ড থিবল্ট এক বিবৃতিতে আগামী সপ্তাহে কঠোর ধর্মঘটের ডাক দেওয়ার কথা জানান।
ফ্রান্স সরকার অবসরে যাওয়ার বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ করায় এবং পেনশন বিধিতে আরও কিছু সংস্কার আনার পরিকল্পনা করায় এ ধর্মঘট চলছে।
এদিকে চলমান ধর্মঘটে তেল শোধনাগার ও খুচরা বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ থাকায় দেশজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে।
এক পার্লামেন্টারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বহুল সমালোচিত এ বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য শুক্রবার সিনেটে উত্থাপন করা হতে পারে। নিুকক্ষ ইতোমধ্যে বিলটি অনুমোদন করেছে।
শ্রমিক ইউনিয়ন নেতা থিবল্ট বলেছেন, "কাজ বন্ধ রেখে সবাই যেন রাস্তায় নামে এ ব্যাপারটি নিশ্চিত করতে আমরা ইউনিয়নকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবো।"
পেনশন সংষ্কার বিরোধী এ আন্দোলন, ধর্মঘট এবং এর ফলে জ্বালানি সংকটের কারণে ব্যাপক চাপের মুখে পড়েছে ফরাসী সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২১০৫ ঘ.
bdnews24