ম্যানিলা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কোতাবাতোতে বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাসে বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
এ ঘটনার জন্য কর্তৃপক্ষ মুসলিম জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত একটি চক্রকে দায়ী করেছে।
পুলিশের প্রধান সুপারিনটেন্ডেন্ট গিল মেনেসেজ জানান, হামলার সময় বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল এবং বোমাটি বাসটির সামনের অংশে আঘাত করেছে।
তিনি আরো জানান, বোমাটি এতো শক্তিশালী ছিল যে, বিস্ফোরণে নিহতদের দুইজনের মাথা উড়ে গেছে। আহতদের উত্তর কোতাবাতো প্রদেশের মাতালাম শহরের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও সেনাবাহিনী বাসের অন্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে বলেও তিনি জানান।
এপি সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কেউই এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।
তবে সেনাবাহিনীর মুখপাত্র লেফট্যানান্ট কর্নেল কাবাংবাং জানান, কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে আল-খোবার চক্র জড়িত বলে সন্দেহ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪০৬ঘ.
bdnews24