২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো সম্মেলনে যোগ দেবে রাশিয়া

ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা নিয়ে আপোসরফায় পৌঁছানোর চেষ্টায় আগামী মাসে লিসবনের ন্যাটো সম্মেলনে যোগ দেবে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 04:16 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ফ্রান্স, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা নিয়ে আপোসরফায় পৌঁছানোর চেষ্টায় আগামী মাসে লিসবনের ন্যাটো সম্মেলনে যোগ দেবে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতা করার প্রস্তাব রাশিয়া বিবেচনা করে দেখছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি এবং জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে দভিলে বৈঠক করার পর মেদভেদেভ ন্যাটো সম্মেলনে অংশ নিতে রাজি হন। ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাকে সন্দেহের চোখেই দেখে আসছে রাশিয়া। এ ব্যবস্থা নিয়ে তারা এর আগে উদ্বেগও প্রকাশ করেছে। মূলত ইরান এবং ইরানের মতো দুবৃত্ত রাষ্ট্রগুলোর হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোকে রক্ষার জন্যই এ ব্যবস্থা বলে দাবি করে আসছে পশ্চিমারা। কিন্তু রাশিয়া এ ব্যবস্থাকে তাদের নিরাপত্তায় হুমকি বলেই মনে করে। ফলে এ ব্যবস্থা সম্পর্কে পরিস্কার করে জানতে আগ্রহী রাশিয়া। ফ্রান্স ও জার্মানির নেতারা সোম ও মঙ্গল দু দিনের আলোচনায় এ প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার সহায়তা চেয়েছেন। তারা এও জানিয়ে দিয়েছেন যে, এ ব্যবস্থা ইইউ ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়াকেও সুরক্ষা দেবে। তাই এ ব্যবস্থায় রাশিয়ারও সহায়তা প্রয়োজন। ফ্রান্স ও জার্মানির এ আশ্বাসের পরই মেদভেদেভ এ বিষয়টিতে আপোস করার মনোভাব প্রকাশ কওে বলেন, " আমি লিসবনে রাশিয়া-ন্যাটো সম্মেলনে অংশ নেব। আমি মনে করি এভাবে ন্যাটোর সঙ্গে রাশিয়ার প্রয়োজনীয় সমঝোতা এবং আলোচনায় অগ্রগতির পথ খোঁজা সম্ভব হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২১২ ঘ.