নিউ ইয়র্ক, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের ২শ'র বেশি তাৎপর্যপূর্ণ ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিংবা হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর ফলে উন্নয়নশীল দেশগুলো ১০ হাজার কোটি মার্কিন ডলার পরিমাণ রাজস্ব হারাতে পারে। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হেরিটেজ ফান্ডের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
'লুপ্ত হতে যাওয়া ঐতিহ্য রক্ষা' (সেভিং আওয়ার ভ্যানিশিং হেরিটেজ) নামের ওই প্রতিবেদনে এইসব ঐতিহ্যবাহী নিদর্শনসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে অব্যবস্থাপনা, লুটপাট, অবহেলা, সংঘর্ষ এবং দুর্বল পর্যটন ব্যবস্থাকে দায়ী করা হয়েছে।
হাইতির সান সৌসি প্রাসাদ বা 'ভারসালিস অব দ্য ক্যারাবিয়ান' ও গুয়েতেমালার মিরাডোরসহ ২০ দর্শনীয় স্থানকে এসব কারণে ক্ষতিগ্রস্তের তালিকায় রাখা হয়েছে।
গ্লোবাল হেরিটেজের নির্বাহী পরিচালক জেফ মর্গান বলেন, "এগুলো আশ্চর্যজনক, অমূল্য সাংস্কৃতিক সম্পদ। এগুলো রক্ষায় আমরা কোনো পদক্ষেপ না নিলে চিরকালের জন্যই হারিয়ে ফেলতে পারি।"
তার ধারণা এসব স্থানগুলোর যে ক্ষয়ক্ষতি তা ইউনেস্কোর মতো সংস্থাগুলোর যথেষ্ট মনোযোগ পাচ্ছে না। আর এসব স্থানের মধ্যে ৭৬টি স্থান ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের (ওয়ার্ল্ড হেরিটেজ) তালিকায় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৫৫ঘ.
bdnews24