জাতিসংঘ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে গণধর্ষণের মূল পরিকল্পনাকারী বিদ্রোহীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মঙ্গলবার নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের দুই শীর্ষ কর্মকর্তা।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর উপ-প্রধান অতুল খারে নিরাপত্তা পরিষদে এক বৈঠকে জানান, কঙ্গোর কিভু প্রদেশে জুলাই ও আগস্ট মাসে শিশুসহ পাঁচ শতাধিক নারী ধর্ষিত হয়েছে। এর মধ্যে ১০টি ঘটনার হোতা কঙ্গো সরকারের নিজস্ব এফএআরডিসি বাহিনী।
জাতিসংঘ জানায়, কঙ্গোতে নিয়োজিত শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘ শিবির ও কিভুর কিবুয়ার কাছে লুভুঙ্গিতে জুলাই ও আগস্টের প্রথম দিকে কয়েক দিনের মধ্যে কমপক্ষে ২৪২টি ধর্ষণের ঘটনার কথা জানতে পেরেছে।
লুভুঙ্গির ধর্ষণের ঘটনায় রুয়ান্ডার এফডিএলআর বিদ্রোহীরাও জড়িত থাকতে পারে বলে খারে ও যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘ বিশেষ প্রতিনিধি মার্গোট ওয়ালস্ট্রমের ধারণা।
খারে বলেন "এফডিএলআর এ নেতাদের ওপর দেশের ভেতরে-বাইরে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পরিষদকে বিবেচনা করে দেখার সুপারিশ করেছি।"
জুলাই ৩০ থেকে ৩ আগস্ট পর্যন্ত লুভুঙ্গি মাই মাই ও এফডিএলআর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫২ঘ
bdnews24