ওয়াশিংটন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের ২৯টি দেশে অভুক্তের সংখ্যা আশঙ্কাজনক এবং শত কোটিরও বেশি মানুষ অনাহারে ২০০৯ সালটি পার করেছে।
২০১৫ সালের মধ্যে বিশ্বে অভুক্তের হার অর্ধেকে নামিয়ে আনতে ১৯৯০ সালে নির্ধারণ করা লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক দূরে রয়েছেন বিশ্ব নেতারা।
আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান ও অন্যান্য সাহায্যকারী সংস্থা প্রকাশিত বৈশ্বিক অনাহার সংক্রান্ত বার্ষিক সূচকে এ বিষয়টি ধরা পড়ে।
আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই অভুক্তের এই আশঙ্কাজনক অবস্থা বিরাজ করছে বলে সূচক অনুসারে জানা যায়।
সচরাচর যা ঘটে এ ক্ষেত্রেও শিশুরাই অভুক্ত থাকছে সবচেয়ে বেশি।
তবে জাতিসংঘ ধারণা করছে, এ বছর খাদ্য কষ্টে ভোগা মানুষের সংখ্যা শতকোটি থেকে ৯২ কোটি ৫০ লাখে নেমে আসবে।
কিন্তু সূচকে দেখা যাচ্ছে, কিছু কিছু অঞ্চল এখনো এর বিরুদ্ধে কঠিন সংগ্রাম করছে। কেননা বিশ্বব্যাপী অনাহারের কারণ অঞ্চলভেদে ভিন্ন।
সূচকে দেখা যায়, দক্ষিণ এশিয়ায় পুষ্টিহীনতা, নারীদের শিক্ষা ও সামাজিক অবস্থানের কারণে রুগ্ন শিশুর জন্ম দিচ্ছে।
আবার সাব সাহারা আফ্রিকায় যুদ্ধ, অস্থিতিশীলতা এবং এইডস-এর ভয়াবহ প্রকোপের কারণে শিশুমৃত্যু হার অনেক বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ঘ.
bdnews24