জোহান্সবার্গ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেলসন ম্যান্ডেলা কখনো দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হতে চাননি। বরং কোন যুবক হোক দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ শাসক এই ছিল তার চাওয়া।
ম্যান্ডেলা তার "কনজারভেশনস উইথ মাইসেলফ" নামক বইয়ে একথা বলেছেন। মঙ্গলবার বইটির মোড়ক উন্মোচন করা হবে।
বইটিতে তিনি বলেছেন, "আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাদের চাপে তিনি প্রেসিডেন্ট হতে রাজি হয়েছিলেন।"
তিনি আরো বলেছেন, "রিপাবলিক অব সাউথ আফ্রিকায় গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ আমার পরামর্শ মতো নয়, বরং অনেকাংশে তা আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিলো।"
নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন প্রকাশিত বইটিতে তার ব্যক্তিগত চিঠিপত্র, সাক্ষাৎকার এবং আত্মজীবনীর অপ্রকাশিত অংশ সংকলিত হয়েছে।
ম্যান্ডেলা বলেছেন, তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বা সরকার কোথাও কোন পদ গ্রহণ না করে নতুন সাউথ আফ্রিকার সেবা করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৯ ঘ.
bdnews24