গোমা, কঙ্গো, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কঙ্গোর পূর্বাঞ্চলে শত শত গ্রামবাসীকে ধর্ষণের সঙ্গে জড়িত 'কর্নেল মেয়েলে' নামে এক বিদ্রোহী কমান্ডারকে মঙ্গলবার জাতিসংঘ শান্তিরক্ষীরা আটক করেছে।
অগাস্টে কঙ্গোর পূর্বাঞ্চলে ওই গণধর্ষণের ঘটনা ঘটে।
গত মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, 'কর্নেল মেয়েলে' ৩০ জুলাই লুভুঙ্গি শহরে হামলার নেতৃত্ব দিয়েছিল। বিদ্রোহীরা শহরটিকে ৩ অগাস্ট পর্যন্ত নিজেদের দখলে রাখে। ওই সময় তারা কমপক্ষে ৩০৩ জনকে ধর্ষণ করে।
জাতিসংঘের এক মুখপাত্র টেলিফোনে বলেন, "আমরা তাকে ধরে এনেছি এবং কঙ্গোর জাতীয় সেনাবাহিনী এফএআরডিসি'র কাছে হস্তান্তর করেছি।"
কঙ্গোতে জাতিসংঘের সবচেয়ে বড় শান্তিরক্ষী মিশন নিয়োজিত রয়েছে। একে সংক্ষেপে এমওএনইউএসসিও বলা হয়ে থাকে।
এতো বড় মিশন নিয়োজিত থাকার পরও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটি থেকে ২০ মাইল দূরে সংঘটিত এ গণধর্ষণ প্রতিরোধ করতে না পারায় মিশনটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
কঙ্গোতে জাতিসংঘ যৌন সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি মারগোট ওয়ালস্ট্রোমের সফরের সময় এ বিদ্রোহী কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্নেল মেয়েলে নামের এ বিদ্রোহী কমান্ডার মাই মাই চেকা মিলিশিয়ার সদস্য এবং কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের একটি জোট পরিচালনা করতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৪৯ঘ.
bdnews24