স্টকহোম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান জন্মদান পদ্ধতির জনক ব্রিটিশ শারীরতত্ত্ববিদ রবার্ট এডওয়ার্ডস ২০১০ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন।
তার এ পুরস্কার পাওয়ার কথা সোমবার জানিয়েছে নোবেল কমিটি।
১৯৬৮ সালে এডওয়ার্ডস ও প্যাট্রিক স্টিপটো কৃত্রিম পদ্ধতিতে ডিম্বাণু নিষিক্তকরণ প্রক্রিয়া বিষয়ে তাদের গবেষণা সম্পন্ন করেন। ১৯৭৮ সালে প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয়।
এ পর্যন্ত সারা বিশ্বে এ পদ্ধতিতে প্রায় ৪০ লাখ শিশুর জন্ম হয়েছে।
চিকিৎসা বিজ্ঞানে এ মাইলফলক অগ্রগতির জন্য নোবেল কমিটি এডওয়ার্ডসকে ১ কোটি সুইডিশ ক্রোনা (১৫ লাখ ডলার) দিয়েছে।
৮৫ বছর বয়স্ক এ বিজ্ঞানী ৫০ বছর আগে মূল গবেষণা শুরু করেন।
১৯৬৮ সালে এডওয়ার্ডস এবং আরো একজন ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ স্টেপটোয়ে কৃত্রিম পদ্ধতিতে ডিম্বাণু নিষিক্তকরণ প্রক্রিয়া উদ্ভাবন করেন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় তারা ১৯৭২ সালে সন্তান জন্মদানে অক্ষম মায়ের দেহে ভ্র"ণ প্রতিস্থাপন শুরু করেন।
কিন্তু এ পদ্ধতিতে সমস্যা দেখা দিলে ১৯৭৭ সালে নতুন একটি পদ্ধতি প্রয়োগ করেন তারা।
এরপরই ১৯৭৮ সালের ২৫ জুলাইয়ে প্রথম জন্ম হয় টেস্ট টিউব বেবি লুইস ব্রাউনের।
এভাবে কৃত্রিম পদ্ধতিতে জন্ম হওয়া শিশুর স্বাভাবিক বৃদ্ধি, চিকিৎসা বিধি ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিলেও এডওয়ার্ডসের এ গবেষণার কারণে সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের চিকিৎসা সম্ভব হয়েছে।
হাসি ফুটেছে বিশ্বজুড়ে এ ধরনের ১০ শতাংশেরও বেশি দম্পতির মুখে। আর এরপর দীর্ঘমেয়াদী অনেক গবেষণাতেও দেখা গেছে, টেস্ট টিউব বেবির সঙ্গে অন্য শিশুদের স্বাস্থ্যের তারতম্য নেই।
আর তাই এডওয়ার্ডসের এ অবদানকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক অগ্রগতি হিসাবে স্বীকৃতি দিয়েছে নোবেল কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/পিডি/১৭২৯ ঘ.
bdnews24