নয়া দিল্লি, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে রোববার দিল্লির রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যায়। দেখে মনে হয়েছিল যেন কারফিউ জারি করা হয়েছে এ নগরীতে।
আর কোন বিব্রতকর পরিস্থিতিতে যেন পড়তে না হয় এজন্য কঠোর অবস্থানে রয়েছে ভারতীয় সরকার।
৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এ আসরের আয়োজন ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তিরই বহিঃপ্রকাশ। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে কয়েক দফা অনাকাঙ্খিত ঘটনা এ ব্যাপারটিকে জনসংযোগ বিপর্যয়ে পরিণত করেছে।
দুর্নীতির অভিযোগ, সন্দেহভাজন জঙ্গি দ্বারা পর্যটন বাসে হামলায় দুই পর্যটক আহত হওয়ার ঘটনা, ডেঙ্গু মহামারি, গেমস ভিলেজের নোংরা অবস্থা এবং ফুট ব্রিজ ভেঙে পড়ার মত ঘটনায় ভারতের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। ফলে বিশ্ব মানের একটি খেলার আসর আয়োজনের যোগ্যতা ভারতের আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে।
তবে আয়োজকরা সব সীমাবদ্ধতা পেরিয়ে ১২ দিনের কমনওয়েলথ গেমসের আসর সফলভাবে পরিচালনায় আশাবাদী। এ আসরে অংশগ্রহণকারী দেশগুলোর বেশিরভাগই আগে ব্রিটিশ উপনিবেশ ছিল। দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রোরবার বিকেলে কমনওয়েল গেমস শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এইচএ/২২৫৫ ঘ.
bdnews24