২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক মার্কিন নাগরিককে আটক করলো উ. কোরিয়া

অনুপ্রবেশের দায়ে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের আরো একজন নাগরিককে আটক করেছে। এর আগে গত ডিসেম্বর মাসে এক মানবাধিকার কর্মীকে আটক করে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 12:30 PM

Updated : 24 Aug 2022, 06:29 PM

ওয়াশিংটন, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনুপ্রবেশের দায়ে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের আরো একজন নাগরিককে আটক করেছে। এর আগে গত ডিসেম্বর মাসে এক মানবাধিকার কর্মীকে আটক করে উত্তর কোরিয়া। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি. জে. ক্রাউলি সাংবাদিকদের বলেন, "উত্তর কোরীয় সরকার আমাদের জানিয়েছে যে জানুয়ারি মাসে চীন থেকে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশের দায়ে একজন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে।" তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনও তার পরিচয় জানতে পারেনি। সুইডেনের মাধ্যমে জানার চেষ্টা চলছে। ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের কূটনৈতিক সম্পর্ক না থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষে সুইডেন এ দায়িত্ব নিয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা গত বৃহস্পতিবার জানায়, তারা চীন থেকে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশের দায়ে একজন মার্কিন নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী দৈনিক ডং-এ ইবো অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানায়, সীমান্ত পাড়ি দেওয়া ২৮ বছরের ওই মার্কিন তরুণ সমাজতান্ত্রিক উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন। কারণ তিনি আর পুঁজিবাদী বিশ্বে বাস করতে চান না। পত্রিকাটির অনলাইন সংস্করণে জানানো হয়, উত্তর কোরীয় সেনাবাহিনীতে যোগ দিতে ওই মার্কিন তরুণ চীন থেকে ২৫ জানুয়ারির দিকে সমাজতান্ত্রিক দেশটিতে প্রবেশ করেন। দক্ষিণ কোরিয়ার সরকার বা মানবাধিকার গোষ্ঠীগুলো সীমান্ত অতিক্রমকারী ওই যুবকের পরিচয় উদ্ধার করতে পারেনি। গত ডিসেম্বর মাসে মার্কিন মানবাধিকার কর্মী রবার্ট পার্ককে অনুপ্রবেশের পর আটক করে উত্তর কোরিয়া। অভিযোগ রয়েছে, পার্ক উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সচেতনতা গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়া পার্ককে ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষির জন্য ব্যবহার করার চেষ্টা করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার বৈরী সম্পর্কের অন্যতম কারণ দেশটির উচ্চাভিলাষী পরমাণু অস্ত্র পরিকল্পনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এজে/১৮২৮ ঘ.