মস্কো, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচকরা পরমাণু অস্ত্রহ্রাসচুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছেন। চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বুধবার একথা বলেছেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যকার আলোচনায় দুপক্ষ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি (স্টার্ট-১) পরবর্তী চুক্তির কাছাকাছি পৌঁছেছে। মুখপাত্র ইগর লিয়াকিন-ফ্রোলোভ একথা জানান।
তিনি রয়টার্সকে বলেন, আলোচনা সফল হয়েছে। ফলে আমরা আশা করতে পারি যে একটি চুক্তির জন্য আলোচনা করতে আর মাত্র কয়েক সপ্তাহ লাগবে।
রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নে প্রেসিডেন্ট বারাক ওবামার চেষ্টার মূল চালিকাশক্তি হিসাবে দেখা হচ্ছে এই নতুন চুক্তি করার পদক্ষেপকে।
২০০৮ সালে জর্জিয়ায় রাশিয়ার যুদ্ধ এবং বুশ প্রশাসনের ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা নিয়ে দু দেশের সম্পর্ক খারাপ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৩ঘ.
bdnews24