কলম্বো, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন মাহিন্দ রাজাপাকসে, না শরথ ফনসেকা- তা নির্ধারণে মঙ্গলবার ভোট দিয়েছে শ্রীলঙ্কাবাসী।
বিদ্রোহী তামিল সংগঠন এলটিটিই উৎখাতের পর এ নির্বাচন দেশটির জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। এলটিটিই উৎখাতের মূল কৃতিত্বের দুই দাবিদার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে এবং সাবেক জেনারেল ফনসেকার মধ্য থেকেই পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে হচ্ছে ১ কোটি ৪০ লাখ ভোটারকে।
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বর্তমান প্রেসিডেন্ট রাজাপাকসে দক্ষিণ শ্রীলঙ্কায় নিজ শহরো ভোট কেন্দ্রে ভোট দেন।
এরপর তিনি বলেন,"আজকের বিজয় হবে লক্ষ্যণীয়। আমাদেরকে জয়যুক্ত করতে দেশজুড়ে ভোটারদের নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়েই সে আলামত স্পষ্ট।"
নির্ভরযোগ্য কোনো জনমত জরিপ না হলেও বর্তমান প্রেসিডেন্ট রাজাপাকসে ও সাবেক সেনাপ্রধান ফনসেকার মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনে আরো ২০ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা ফনসেকা আর রাজাপাকসের মধ্যেই হবে বলে মনে করা হচ্ছে।
ওদিকে, রাজাপাকসের প্রধান প্রতিদ্বন্দ্বী ফনসেকা তালিকাভুক্ত ভোটার না হলেও নির্বাচন কমিশন জানিয়েছে, তিনি ভোট দিতে পারবেন।
ফনসেকা প্রাথমিকভাবে সাংবাদিকদের ভোট দেওয়ার কথা জানালেও নিরাপত্তার কারণে কোথায় দিয়েছেন তা জানাননি। পরে দ্বিতীয় দফা সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০০৮ সালে ভোটার তালিকায় রেজিস্ট্রেশন করার পরও এ থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।
সিংহলিদের ভোট দুজনের মধ্যে ভাগাভাগি হলেও সংখ্যালঘু তামিলদের সমর্থন আদায়ে অবশ্য এগিয়ে আছেন ফনসেকা। যদিও তামিল বিদ্রোহ কঠোরভাবে দমনে রাজাপাকসের নির্দেশ বাস্তবায়ন তার মাধ্যমেই ঘটেছিলো।
মঙ্গলবার দিন শেষেই ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হতে পারে বুধবার মধ্যদুপুরে।
ফনসেকা ও রাজাপাকসে দুজনই শ্রীলঙকার পাবলিক সেক্টরে বেতন বৃদ্ধি এবং পল্লী উন্নয়নের প্রতিশ্র"তি দিয়েছেন।
নির্বাচনী প্রচারণায় দুই প্রার্থীই একে অপরকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযুক্ত করে আসছিলেন।
ফনসেকার অভিযোগ, রাজাপাকসে তার আত্মীয়-স্বজনদের অনৈতিক সুবিধা দিয়ে আসছেন। অন্যদিকে রাজাপাকসের অভিযোগ, ফনসেকা সেনাপ্রধান থাকার সময় তার আত্মীয়দের সেনাবাহিনীর সব ঠিকাদারি করা দিয়েছিলেন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৬৮ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণ শুরুর কিছু সময় আগে তামিল অধ্যুষিত জাফনায় বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। কারা তা ঘটিয়েছে, তাও জানা যায়নি।
তবে নির্বাচনী প্রচারের সময় প্রায় ৮০০ সহিংস ঘটনায় পাঁচ জনের প্রাণহানির প্রেক্ষাপটে ভোটের সময় গোলযোগের আশঙ্কা করা হচ্ছে।
শ্রীলঙ্কার ২ কোটি জনসংখ্যার ৭৫ শতাংশই সিংহলি। এর বাইরে তামিল আছে ১২ শতাংশ। এছাড়া মুসলমানও রয়েছে দেশটিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএমএইচ/এলকিউ/১১১১ ঘ.
bdnews24