২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুর সংঘর্ষে ৮০ শতাংশ মানুষ মরেছে রোগে

সহিংসতা নয়, সুদানের দারফুর প্রদেশে সংঘর্ষে নিহত ৩০ হাজার মানুষের মধ্যে ৮০ শতাংশ মানুষই মারা গেছে ডায়রিয়ার মতো বিভিন্ন রোগে ভূগে। শুক্রবার বেলজিয়ামের একদল বিজ্ঞানী একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 11:51 AM

Updated : 24 Aug 2022, 06:19 PM

লন্ডন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সহিংসতা নয়, সুদানের দারফুর প্রদেশে সংঘর্ষে নিহত ৩০ হাজার মানুষের মধ্যে ৮০ শতাংশ মানুষই মারা গেছে ডায়রিয়ার মতো বিভিন্ন রোগে ভূগে। শুক্রবার বেলজিয়ামের একদল বিজ্ঞানী একথা জানিয়েছেন। ২০০৩ সালে সুদান সরকারের বিরুদ্ধে বিদ্রোহীরা হাতে অস্ত্র তুলে নেওয়া থেকে যে হত্যাযজ্ঞ শুরু হয় তা বিশ্লেষণ করে দেখা গেছে, সহিংসতায় যত মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মানুষ মরেছে ডায়রিয়াসহ অন্যান্য রোগের কারণে। গবেষকরা জানান, তাদের গবেষণার ফল এটা প্রমাণ করে যে, মানবিক সাহায্য কোনও না কোনওভাবে কমে গেলেই দ্রুতগতিতে পাইকারি মৃত্যুর ঘটনা ঘটতে পারে। গত বছর সুদানের প্রেসিডেন্ট সে দেশ থেকে ত্রাণ কর্মীদের বিতাড়িত করে। ল্যানসেট মেডিক্যাল জার্নালে গবেষকরা লেখেন, "এর চরম পরিণতি নিয়ে আমাদের ভয় থাকা উচিত।" ২০০৩ সালের শুরুর দিকে সুদানে শুরু হওয়া বিদ্রোহে জাতিসংঘের হিসাব মতে ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং খার্তুম থেকে চালানো বিদ্রোহ দমনের অভিযানে ২০ লাখ মানুষ বাড়ি ঘর থেকে উচ্ছেদ হয়েছে। ব্রাসেলসে সেন্টার ফর রিসার্চ 'অন দ্য এপিডেমিওলজি অব ডিজাস্টার' গবেষক অলিভার ডেগম্মি ও দেবারতি গুহ-সাপির বলেন, "৮০ শতাংশ মানুষের মৃত্যুর জন্য সহিংসতা দায়ী নয়।" তারা জানান, সহিংসতায় মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ছিল ২০০৪ সালের শুরুর দিকে। কিন্তু এরপরের মৃত্যুগুলো ঘটেছে মূলত স্যানিটারি ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার অপ্রতুলতা কিংবা কোনও ব্যবস্থা না থাকার কারণে। সারা বিশ্বে প্রতি বছর ডায়রিয়ার কারণে ১৫ লাখ শিশু মারা যায়। যা এইডস, ম্যালেরিয়া এবং হামের সম্মিলিত মৃত্যুর চেয়ে বেশি। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বাশিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু ওমর তা প্রত্যাখ্যান করেন এবং জানান মৃতের সংখ্যা ১০ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৪৮ ঘ.