২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে হামলার অভিযোগ অস্বীকার ৫ মার্কিনির

পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ সোমবার আদালতে অস্বীকার করেছে আটক ৫ মার্কিনি। মুসলিমদের অর্থনৈতিক ও চিকিৎসা সাহায্য দেওয়াই উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 01:28 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

সারগোদা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ সোমবার আদালতে অস্বীকার করেছে আটক ৫ মার্কিনি। মুসলিমদের অর্থনৈতিক ও চিকিৎসা সাহায্য দেওয়াই উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে তারা। গত মাসে পাকিস্তানের সারগোদা থেকে এ পাঁচ মার্কিনিকে আটক করা হয়। পাকিস্তানি পুলিশের অভিযোগ, ইন্টারনেটের মাধ্যমে এরা আল কায়েদার সঙ্গে যোগাযোগ করেছে এবং পাকিস্তানে হামলার ষড়যন্ত্র করেছিল। সোমবার কড়া প্রহরার মধ্যে তাদেরকে আদালতে হাজির করা হয়। এ সময় রাস্তায় ও আশেপাশের ভবনের ওপর পুলিশ এবং এলিট ফোর্সের সদস্য মোতায়েন ছিল। পুলিশ জানায়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে এ পাঁচ তরুণ জিহাদে অংশ নেওয়ার জন্য ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আত্মপক্ষ সমর্থনকারী আইনজীবী মোহাম্মদ আমীর খান আদালতে শুনানির পর রয়টার্সকে বলেন, ৫ জন আল-কায়েদা, জঈশ ই মোহম্মদ কিংবা পাকিস্তানের অন্য কোনও জঙ্গি দলের সঙ্গে যোগাযোগ করার কথা অস্বীকার করেছে। আদালতে তারা বলেছে, "তাদের উদ্দেশ্য ছিল মুসলিম ভাইদের সাহায্য করতে তারা আফগানিস্তানে গিয়েছিল। বিশেষ করে যাদের চিকিৎসা ও অর্থনৈতিক সাহায্য দরকার তাদেরকে সাহায্য করাই চিল উদ্দেশ্য। পাকিস্তানে কোনও তৎপরতা চালানো তাদের উদ্দেশ্য ছিল না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২১ ঘ.