২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনিশ কার্টুনিস্টের বাড়ি হামলাকারীর "আল কায়দা সংযোগ"

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকিয়ের বাড়িতে হামলা চালানো সোমালি যুবকের সঙ্গে আল কায়দার সংযোগ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে ডেনিশ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 07:49 AM

Updated : 24 Aug 2022, 06:01 PM

কোপেনহেগেন, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকিয়ের বাড়িতে হামলা চালানো সোমালি যুবকের সঙ্গে আল কায়দার সংযোগ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে ডেনিশ পুলিশ। শনিবার তারা জানায়, শুক্রবার ২৮ বছরের ওই সোমালি তরুণ ছুরি ও কুড়াল নিয়ে কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ডের আরাস শহরের বাড়ির দরোজা ভাঙতে উদ্যত হয়। কিন্তু পুলিশ এসে তার পায়ে ও হাতে গুলি করে। এ সময় হামলাকারী পুলিশের দিকে তার কুড়াল ছুড়ে মারে বলে পুলিশের এক মুখপাত্র জানায়। ডেনমার্কের নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা (পিইটি) এক বিবৃতিতে জানায়, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে পূর্ব আফ্রিকার সন্ত্রাসী সংগঠন আল সাহাব ও আল কায়দার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তারা আরও জানায়, ডেনমার্কে বৈধভাবে বসবাসকারী ওই ব্যক্তি পূর্ব আফ্রিকাতে থাকার সময় সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নিরাপত্তা সংস্থা জানায়, হামলাকারীর বিরুদ্ধে কার্টুনিস্ট ওয়েস্টারগার্ড ও পুলিশ কর্মকর্তাকে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। পিইটি এর প্রধান জ্যাকব স্কার্ফ এক বিবৃতিতে বলেন,"বিষয়টি পিইটি বেশ গুরুত্ব দিয়ে দেখছে। কারণ এটা আবারও নিশ্চিত করেছে যে ডেনমার্ক সন্ত্রাসী হামলার বাইরে নয় এবং বিশেষ করে কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ড।" ৭৪ বছরের ওয়েস্টারগার্ড এ ঘটনায় আহত হননি বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমএইচবি/১৩৪৬ ঘ.