২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্ল্যাকওয়াটার মামলা খারিজ হওয়ায় ইরাক ক্ষুব্ধ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালত 'ব্ল্যাকওয়াটার ওয়ার্ল্ডওয়াইড' এর পাঁচ নিরাপত্তা রক্ষীর অভিযোগ খারিজ করে দেওয়ায় ইরাক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের বিরুদ্ধে ২০০৭ সালে ১৪ জন বেসামরিক ইরাকিকে গুলি করে হত্যার অভিযোগ গঠন করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 07:37 AM

Updated : 24 Aug 2022, 06:01 PM

বাগদাদ, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালত 'ব্ল্যাকওয়াটার ওয়ার্ল্ডওয়াইড' এর পাঁচ নিরাপত্তা রক্ষীর অভিযোগ খারিজ করে দেওয়ায় ইরাক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের বিরুদ্ধে ২০০৭ সালে ১৪ জন বেসামরিক ইরাকিকে গুলি করে হত্যার অভিযোগ গঠন করা হয়েছিল। ইরাকি সরকারের মুখপাত্র আলি আল-দাব্বাগ শুক্রবার এ আদেশকে 'অন্যায় ও অগ্রহণযোগ্য' বলে একটি বিবৃতি দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ইরাক বেসরকারি এ নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। এ নিরাপত্তা সংস্থাটি বিশ্বজুড়ে 'এক্সই' নামে পরিচিত। মার্কিন সরকার অভিযুক্তদের সাংবিধানিক অধিকার লংঘন করেছে উল্লেখ করে মামলা খারিজ করে দেয় আদালত। দাব্বাগ এ নির্দেশের বিরুদ্ধে আপিলের আহ্বান জানিয়েছেন। তবে ইরাক কোথায় এবং কিভাবে আইনি পদক্ষেপ নেবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। বাগদাদের ওই ঘটনার পর মার্কিন ও ইরাকি সম্পর্কে উদ্বেগের জন্ম দেয়। দাব্বাগ টেলিফোনে বলেন, "মার্কিন আদালতের এ সিদ্ধান্তে ইরাকি সরকার ক্ষুব্ধ ও হতাশ।" ২০০৩ সালে ইরাকে মার্কিন অভিযানের পর যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ইরাকি আদালতে বিচারের ঊর্ধ্বে ছিল। তবে ২০০৯ সালে কার্যকর হওয়া দ্বিপক্ষীয় এক চুক্তির মাধ্যমে সে আইনের অবসান হয়েছে। এক বছর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালত ১৪ জন ইরাকিকে হত্যার দায়ে এ পাঁচ রক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল রে অডিয়ের্নোও ইরাকি সরকাররের মতো আদালতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বাগদাদে সাংবাদিকদের বলেন, "আমরা হতাশ, আমরা জানি এরা একটা অপরাধ করেছে এবং তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩২২ ঘ.