সিডনি, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশগুলোতে বুধবার শক্তিশালী ভূমিকম্পের পর কয়েকদফা সুনামি আঘাত হেনেছে। এতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সামোয়ায় ৭৭ জন, আমেরিকান সামোয়ায় ২৫ জনেরও বেশি এবং টোঙ্গায় অন্ততপক্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় বুধবার ভোরের দিকে সাগরের তলদেশে রিখটার স্কেলে ৮ দশমিক ৩ মাত্রার মাত্রার ভূমিকম্পের পর ওই সুনামি আঘাত হানে। আমেরিকান সামোয়ায় এ সুনামিকে ভয়াবহ দুর্যোগ বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
রেডিওতে সুনামির সতর্কতা সঙ্কেতের পরপরই আমেরিকান সামোয়ার রাজধানী পাগো পাগো এবং দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ উপকূলের গ্রাম ও অবকাশ কেন্দ্রগুলো প্রবল ঢেউয়ে প্লাবিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তাঘাট ও সৈকতে থাকা বহু মানুষকে এসময় প্রাণভয়ে ছুটে পালানোর চেষ্টা করতে দেখা য়ায়। রাস্তায় থাকা বহু গাড়ি পানির স্রোতে ভাসতে থাকে। উদ্ধার কর্মকর্তারা বলছেন, সৈকতের বালি থেকে অনেক লাশ খুঁজে পেয়েছেন তারা।
সামোয়া ছাড়াও নিকটবর্তী দ্বীপরাষ্ট্র টোঙ্গার উপকূলীয় অঞ্চলও সুনামির কবলে পড়ে।
সামোয়ার জাতীয় স্বাস্থ্য বিভাগ প্রাথমিক খবরে জানায়, এতে কমপক্ষে ৬৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছে। তবে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলেও জানায় তারা।
প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকান সামোয়াকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করে সেখানে জরুরি ত্রাণ সাহায্যের নির্দেশ দিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড পশ্চিম সামোয়ায় ৬০ জন নিহত হওয়ার কথা জানান। এর মধৌ তিন অস্ট্রেলীয় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এ অঞ্চলে ২০ টি গ্রাম ধ্বংস হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
সামোয়ার প্রধানমন্ত্রী সর্বশেষ খবরে ওই অঞ্চলে ৭৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে ৪ জন বিদেশি পরিদর্শক। ১৫০ জন আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নিউজিল্যান্ডের সরকার বলেছে, প্রতিবেশী টোঙ্গার উপকূলীয় অঞ্চল প্রায় ১৩ ফুট উঁচু প্রবল ঢেউয়ে প্লাবিত হওয়ায় সেখানকার শহর জনপদে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। টোঙ্গার কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে।
বিবিসি জানায়, গ্রিনিচ সময় মঙ্গলবার বিকাল ৫টা ৪৮ মিনিটে সাগরের তলদেশে রিখটার স্কেলে ৮ দশমিক ৩ মাত্রার মাত্রার ভূমিকম্পের পর সামোয়া ও এর আশপাশসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছিল।
সামোয়া দ্বীপপুঞ্জের একাংশ আমেরিকান সামোয়া নামে পরিচিত যুক্তরাষ্ট্রের একটি টেরিটরি এবং অপর অংশটি পশ্চিম সামোয়া নামে আলাদা রাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমআই/এলকিউ/২০৫০ ঘ.
bdnews24