২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতানিয়াহু-আব্বাস পরস্পরকে অবস্থান বদলাতে বলেছেন

ইসরায়েল ও ফিলিস্তিনি নেতারা ওবামার আহ্বান অনুযায়ী শিগগিরই শান্তি প্রক্রিয়া শুরুর লক্ষ্যে বৃহস্পতিবার একে অপরের প্রতি আলোচনায় অবস্থান বদলানোর দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইসরায়েল ও ফিলিস্তিনি নেতারা ওবামার আহ্বান অনুযায়ী শিগগিরই শান্তি প্রক্রিয়া শুরুর লক্ষ্যে বৃহস্পতিবার একে অপরের প্রতি আলোচনায় অবস্থান বদলানোর দাবি করেছেন। নিউ ইয়র্কে জাতিসংঘে সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অবশ্যই ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে না নেওয়ার অবস্থান বদলাতে হবে। অন্যদিকে আব্বাস বলেন, ইসরায়েলকে অবশ্যই বিভক্ত জেরুজালেমের নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে আলোচনায় রাজি হতে হবে। নিউ ইয়র্কেই গত মঙ্গলবার ওবামা এই দুই নেতাকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করে শান্তিপ্রক্রিয়া দ্রুত শুরু করার চ্যালেঞ্জ জানিয়েছেন। আল হায়াত সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস বলেন, চুক্তিতো দূরে থাক, এমনকি আলোচনা শুরু করার ক্ষেত্রেই নেতানিয়াহুর সরকার একটি "সত্যিকারের সমস্যা"। নেতানিয়াহু ইসরায়েলি রেডিওকে বলেন, "আমি আবু মাজেনকে বলেছি, আমি বিশ্বাস করি শান্তিপ্রক্রিয়া জোড়া লাগা নির্ভর করছে, তার লোকদের আগেই তার প্রস্তুত থাকা এবং এটা বলা যে, "আমরা...ইসরায়েলকে ইহুদি মানুষের রাষ্ট্র হিসেবে স্বীকার করতে অঙ্গীকারাবদ্ধ।" ফিলিলিস্তি প্রেসিডেন্ট আবু মাজেন নামেও পরিচিত। নেতানিয়াহু বলেন, শান্তির জন্য কোনো চূড়ান্ত চুক্তিতে আমি এই বিষয়টিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দেবো না। আব্বাস ইহুদি রাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করে আসছেন এই যুক্তিতে যে, অন্তর্বর্তী চুক্তিতে বিষয়টি নেই এবং ১৯৪৮ সালে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার সময় উদ্বাস্ত হওয়া ফিলিস্তিনিদের ব্যাপারে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ওই স্বীকৃতি প্রদান আগাম হয়ে যাবে। আব্বাস বলেন, "নেতানিয়াহুর সরকার সত্যিকার অর্থেই একটি সমস্যা কারণ আলোচনার জন্য আমাদের কোনো সাধারণ বিষয় নেই।" "তিনি বলেছেন, বসতিস্থাপন চলতে থাকবে, জেরুজালেম নিয়ে আলোচনা করা যাবে না...তিনি আরও বলেছেন, শরণার্থীদের বিষয়টিও আলোচনায় থাকা চলবে না, তাহলে আমরা কী নিয়ে আলোচনা করব, কীভাবে আমরা মতৈক্যে পৌঁছব।" বলেন আব্বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫০ ঘ.