ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুটো পুরনো টিকার সংমিশ্রণ করে পরীক্ষামূলকভাবে এইডস এর নতুন একটি টিকা তৈরি করা হয়েছে এবং এটি এইডস সংক্রমণের হার প্রায় এক তৃতীয়াংশ কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ও থাই গবেষকরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছেন।
টিকাটি 'স্যানোফি প্যাস্টিউর' এর আলভ্যাক এবং এইডস প্রতিরোধে ব্যর্থ হওয়া টিকা এইডসভ্যাক্স এর সংমিশ্রণে তৈরি হয়েছে। ফ্রান্সিসকোর 'ভ্যাক্সজেন' নামে একটি কোম্পানি টিকাটি তৈরি করার পর বর্তমানে এর মালিকানা নিয়েছে 'গ্লোবাল সলিউশন ফর ইনফেকশাস ডিজেজেস'।
মার্কিন ও থাই সরকারি গবেষকরা জানান, প্রায় ১৬ হাজার থাই স্বেচ্ছাসেবির মধ্যে পরীক্ষাটি চালানো হয়েছে। তবে এরা কেউই এইডস আক্রান্তের বিশেষ ঝুঁকির মধ্যে ছিলেন না এবং সবাই বিষমকামী। পরীক্ষায় দেখা গেছে এ টিকা এইডসের ঝুঁকি ৩২ শতাংশ কমাতে পারে।
গবেষণায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের 'ওয়াল্টার রিড আর্মি ইনস্টিটিউট অফ রিসার্চ' এর চিকিৎসক কর্নেল জেরোম কিম।
এক টেলিফোন সাক্ষাৎকারে কিম বলেন, "আমরা টিকা না দেওয়া দলের মধ্যে ৭৪টি সংক্রমণ এবং টিকাদানকারী দলের মধ্যে ৫১টি সংক্রমণ দেখতে পেয়েছি।"
এ ফলাফলে গবেষকরা ধাঁধার মধ্যে পড়েছেন। তারা বুঝতে পারছেন না কীভাবে দুই টিকার সংমিশ্রণ এইডস প্রতিরোধে কাজ করছে।
১৯৮৩ সালে প্রথম এইচআইভি ভাইরাস শনাক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬৩৯ ঘ.
bdnews24