তেহরান, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তেহরানে শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভির সমর্থকদের সঙ্গে নিরাপত্তাবাহিনী সংঘর্ষে লিপ্ত হয়। সমর্থকদের ১০ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছে।
"নিরাপত্তাবাহিনী এইমাত্র ১০ জনকে গ্রেপ্তার করল। তারা বিক্ষোভকারীদের মারধর করে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে।" ঘটনার তাৎক্ষণিক বর্ণনায় বলেন প্রত্যক্ষদর্শীটি।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নেতারা বিরোধীদের প্রতি ইসরায়েলবিরোধী বিক্ষোভ সমাবেশ যাতে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত না হয় সে ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিলেন।
প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত দুই প্রার্থী মীরহোসেন মুসাভি ও মেহদি কারৌবি বলেছিলেন, তারা পূর্বনির্ধারিত ওই বিক্ষোভকর্মসূচিতে অংশ নেবেন।
প্রতিবছর রোজার মাসের শেষ শুক্রবারে ইরানজুড়ে কুদস (জেরুজালেম) দিবসে ইসরায়েলবিরোধী সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এবার মুসাভির হাজার হাজার সমর্থক সবুজ কব্জিবন্ধনী বা শাল জড়িয়ে বিক্ষোভে অংশ নেয়।
কট্টরপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমর্থকরাও এই বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বলে জানান প্রত্যক্ষদর্শী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৫৪ ঘ.
bdnews24