২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের অস্তিত্বে ইরান হুমকি নয়: এহুদ বারাক

ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের জন্য ইরানকে হুমকি বলে মনে করেন না ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক। বারাকের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার ইসরায়েলের বহুল প্রচারিত দৈনিক ইয়েদিয়থ আহরনথ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 11:04 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের জন্য ইরানকে হুমকি বলে মনে করেন না ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক। বারাকের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার ইসরায়েলের বহুল প্রচারিত দৈনিক ইয়েদিয়থ আহরনথ একথা জানিয়েছে। বারাকের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটিতে বলা হয়, "ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরান হুমকি হতে পারে না।" তেহরানের পরমাণু কর্মসূচি থেকে পরমাণু বোমা তৈরির আশঙ্কা এবং এ থেকে দেশটি ইসরায়েলের অস্তিত্বের জন্য ঝুঁকি হয়ে উঠতে পারে কিনা--- এ প্রশ্নের জবাবে পত্রিকাটির সঙ্গে এক সাক্ষাৎকারে বারাক বলেন, "যারা ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি মনে করে আমি তাদের দলে নই।" তিনি আরও বলেন, "ইসরায়েল শক্তিশালী। সুতরাং, আমি এমন কাউকে দেখিনা যে এ দেশটির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।" তবে বারাক বলেন, ইরানকে গোটা বিশ্বের জন্যই চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত বলে মন্তব্য করার পর থেকে ইসরায়েলি নেতারা বরাবরই তেহরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসাবে দেখে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৩ ঘ.