২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ'র ভোট জালিয়াতির দাবি কাণ্ডজ্ঞানহীন: কারজাই শিবির

আফগানিস্তানের নির্বাচনে ব্যাপক জালিয়াতির ইউরোপীয় পর্যবেক্ষকদের দাবি 'কাণ্ডজ্ঞানহীন' বলে প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট হামিদ কারজাই শিবির। কারজাইয়ের পক্ষে ১১ লাখ ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করে বুধবার জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান ইইউ'র নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ফিলিপ মোরিল্লন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

কাবুল, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের নির্বাচনে ব্যাপক জালিয়াতির ইউরোপীয় পর্যবেক্ষকদের দাবি 'কাণ্ডজ্ঞানহীন' বলে প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট হামিদ কারজাই শিবির। কারজাইয়ের পক্ষে ১১ লাখ ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করে বুধবার জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান ইইউ'র নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ফিলিপ মোরিল্লন। আফগানিস্তান কর্তৃপক্ষের ভোটের প্রাথমিক চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতিলগ্নে ইইউ পর্যবেক্ষক টীম ব্যাপক ভোট জালিয়াতির এ সন্দেহ প্রকাশ করে। কারজাইয়ের পক্ষের প্রায় ৩০ লাখ ভোটের মধ্যে ১১ লাখ ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করে ফিলিপ বলেন, জালিয়াতির বিষয়টি অবশ্যই খতিয়ে দেখতে হবে। এক বিবৃতিতে কারজাই শিবির বলেছে, "হামিদ কারজাইয়ের নির্বাচনী প্রচার দলের বিশ্বাস, ইইউ নির্বাচনী পর্যবেক্ষকদলের প্রধান ও উপপ্রধান যে সংখ্যক ভোট নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছেন সেটি পক্ষপাতমূলক, দায়িত্বজ্ঞানহীন এবং আফগানিস্তানের সংবিধান পরিপন্থী।" জাতিসংঘ-নিয়োজিত নির্বাচন নজরদারি কমিশনের ১০ শতাংশ ভোট পুনর্গণনার নির্দেশের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, "আফগানিস্তানের সংবিধানমতে, নির্বাচনী অভিযোগ তুলে ধরাটাই 'ইলেকশন কমপ্লেইন্টস কমিশন' এর দায়িত্ব।" এর আগে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ফিলিপ মোরিল্লন রয়টার্সকে বলেন, ১৫ লাখ ভোট নিয়ে তদার দলের সংশয় রয়েছে। এর মধ্যে ১১ লাখ কারজাইয়ের পক্ষের ভোট এবং ৩ লাখ ভোট তার প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহর। গত সপ্তাহে দেখা গেছে, ৫ দশমিক ৫৪ মিলিয়ন ভোট গণনায় হামিদ কারজাই ৩০ লাখের সামান্য বেশি, অর্থাৎ, ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৩ ঘ.