হারারে, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়েতে গত সাত বছরের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সফরকে শনিবার "খোলা মনে" স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। তিনি আশা করছেন আলোচনা সফল হবে।
মুগাবে বলেছেন, "আমরা আপনাদের খোলা মনে স্বাগত জানাাচ্ছি। আশা করছি আমাদের আলোচনার মধ্য দিয়ে ইতিবাচক ফল আসবে।"
মুগাবের ইতিবাচক স্বরে আভাস পাওয়া যাচ্ছে, তিনি পশ্চিমা শক্তির সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। জিম্বাবুয়েতে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য ও বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে এই সহযোগিতা সবিশেষ গুরুত্বপূর্ণ।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইইউ ২০০২ সালে মুগাবের সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার পর শনিবার প্রথম দেশটিতে সফর শুরু করেছেন ইইউ এইড এন্ড ডেভেলপমেন্ট কমিশনার কারেল ডে গুচট এবং ইউনিয়নটির সুইডিশ প্রেসিডেন্ট।
প্রতিনিধি দলটি মুগাবে, প্রধানমন্ত্রী মরগান চেঙ্গেরাই ও উপ-প্রধানমন্ত্রী আর্থার মুতামবারাসহ সব দলের নেতাদের সঙ্গে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।
মুগাবে বলেছেন, জিম্বাবুয়ের পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার সাহায্য প্রয়োজন কিন্তু পশ্চিমা দেশগুলো আরও রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার করা দরকার জানিয়ে এই অর্থ ছাড় করছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০০ ঘ.
bdnews24