নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিউ ইয়র্কে ১১ সেপ্টেম্বরে হামলার স্মরণে স্থাপন করতে যাওয়া জাদুঘরে ছিনতাইকারীদের 'শহীদী' ভিডিওটেপ থেকে তাদের কথার লিখিতরূপ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি প্রদর্শিত হবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা।
জাদুঘরের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন, কারও যাতে দুষ্কৃতকারীদের প্রতি সহানুভূতি সৃষ্টি না হয় সে উদ্দেশ্যে এসব প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে হামলায় নিহতদের স্বজনসহ অনেক আমেরিকান আবেগপূর্ণ ভাষায় বিরোধিতা করেছিল। নিউ ইয়র্কের ম্যানহাটনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলা স্থলে 'ইন্টারন্যাশনাল ফ্রিডম সেন্টার' প্রতিষ্ঠার পরিকল্পনাও ২০০৫ সালে বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এরপর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এলাকায় মেমোরিয়াল ও জাদুঘর স্থাপনের কাজ চলছে। মাটির নিচে তৈরি করা এ জাদুঘর ২০১৩ সালে দর্শকদের জন্য তা খুলে দেওয়া হবে।
'ন্যাশনাল সেপ্টেম্বর ইলেভেন মেমোরিয়াল এন্ড মিউজিয়াম' এর প্রেসিডেন্ট বলেছেন, "প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য" হিসেবে ১১ ছিনতাইকারীর ছবিসহ তাদের উদ্ধৃতি প্রদর্শিত হবে।
জাদুঘরের প্রেসিডেন্ট জো ড্যানিয়েল সাংবাদিকদের বলেছেন, প্রদর্শিত জিনিসগুলো তুলে ধরবে "সেদিন কী ঘটেছিল, কেন তা ঘটেছিল, ৯/১১ বিশ্বে বসবাস করার কী অর্থ"।
তিনি বলেন, "দুষ্কৃতকারীদের মুখেই আমার শুনতে চাই তাদের দুষ্কর্মের কথা।"
ছিনতাইকারীরা হামলার প্রস্তুতিপর্বে নিজেদের যে ভিডিও তৈরি করেছিল তা জাদুঘরের সংগ্রহে রয়েছে। রয়টার্স এর আগে ড্যানিয়েলের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানিয়েছিল, ওই টেপ প্রদর্শন করা হবে এবং দর্শকরা চাইলে তা আগে-পিছে নিয়ে দেখতে পারবে।
তবে ড্যানিয়েল পরে ফোনে রয়টার্সকে জানান, ছিনতাইকারীদের ওই শহীদী ভিডিওটেপ থেকে নেওয়া স্থিরছবি এবং তাদের কথাবার্তার লিখিতরূপই প্রদর্শিত হবে।
তিনি বলেন, জাদুঘর ঘুরে কারো যাতে অপরাধীদের সম্পর্কে বীরের ধারণা নিয়ে ফিরতে না হয়, সেটাই এসব প্রদর্শনীর উদ্দেশ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৩৮ ঘ.
bdnews24