ডালাস, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসলাম সহিংসতাকে উসকে দেয়- আমেরিকানদের মধ্যে এ ধারণা কমতে শুরু করেছে। তবে এখনও এরকম ধারণা ২০০২ সালের তুলনায় অনেক বেশি বিদ্যমান। যদিও ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে মার্কিনিদের জ্ঞানের সীমা কিছুটা বৃদ্ধি পেয়েছে। 'পিউ ফোরাম অন রিলিজিওন অ্যান্ড পাবলিক লাইফের' এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার অষ্টম বর্ষপূর্তিকে সামনে রেখে জরিপটি চালানো হয়েছে। ১১ সেপ্টেম্বর ওই হামলার আট বছর হবে।
জরিপে এটাও জানা গেছে, অনেক আমেরিকানই বিশ্বাস করে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে। এতে মুসলমানদের প্রতি আমেরিকানদের সহানুভূতি প্রকাশ পেলেও মুসলিম নেতারা প্রায়ই বলে থাকেন, তাদের সন্দেহের চোখে ও শত্র" হিসেবে দেখা হয়।
এ বছর আগস্টে যুক্তরাষ্ট্রজুড়ে পরিচালিত এ জরিপে প্রায় ৪ হাজার পূর্ণবয়স্ক লোক অংশ নেয়। এদের ৫৮ শতাংশই মনে করে, যুক্তরাষ্ট্রে মুসলমানরা ব্যাপকভাবে বৈষম্যের শিকার হয়। অন্যদিকে নাস্তিক ও জোসেফ স্মিথ প্রবর্তিত ধর্ম মরমোরা একইরকম বৈষম্যের শিকার হচ্ছে বলে মনে করে যথাক্রমে ২৬ ও ২৪ শতাংশ আমেরিকান।
পিউ রিসার্চ সেন্টারের সহযোগী পরিচালক মাইকেল ডিমক বলেছেন, "এ জরিপে দেখা গেছে অনেক মার্কিনি মনে করে মুসলিমরা বৈষম্যের শিকার.....এটা অনেকটা আয়নায় নিজেদের দেখে একটি সংখ্যালঘু গোষ্ঠীর বৈষম্যে ভোগার প্রতি জনগণের কিছুটা সহানুভুতি জাগার প্রতিচ্ছবি।"
জরিপে অংশগ্রহণকারীদের ৩৮ শতাংশ মনে করে অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম সহিংসতাকে বেশি প্রশ্রয় দেয়। দুই বছর আগে এ সংখ্যা ছিল ৪৫ শতাংশ।
তবে এখনো এই মানসিকতার ধারকদের সংখ্যা ২০০২ সালের চেয়ে বেশি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর পরিচালিত জরিপে একই প্রশ্ন করা হলে মাত্র ২৫ শতাংশ বলেছিল, অন্য ধর্মের তুলনায় ইসলাম সহিংসতাকে বেশি প্রশ্রয় দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৮৫২ ঘ.
bdnews24