লন্ডন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে নির্বাচন কমিশন বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে জয়ী করার জন্যই ভোট গণনা করছে বলে অভিযোগ করেছেন পেসিডেন্ট নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আবদুল্লাহ।
সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জানান, আফগানিস্তানের ইন্ডিপেন্ড ইলেকশন কমিশন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং কারজাইকে জয়ী করার জন্য কারচুপি করছে।
তিনি বলেন, ভোটাররা এই ভোট জালিয়াতির কারণে প্রতারিত হওয়ায় দেশকে আরও বেশি অস্থিতিশীল করে তুলতে পারে।
আবদুল্লাহ বলেন, "কমিশন আর ইনডিপেন্ড (নিরপেক্ষ) নেই। এটা প্রেসিডেন্ট কারজাইয়ের পক্ষে কাজ করছে।" তিনি আরও বলেন, "কমিশন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং তাদের অসততা এখন ব্যাপকবিস্তৃত।"
আব্দুল্লাহ আরও বলেন, "এতো বড় প্রতারণা করে কেউ ৫ বছরের জন্য দেশ শাসন করবে এটা ঠিক না।"
প্রেসিডেন্ট কারজাই ২০ আগস্ট অনুষ্ঠিত এ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন।
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ জানিয়েছে, নির্বাচনে কারচুপি বিষয়ক সর্বশেষ তদন্তের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনকে সুষ্ঠু বলে রায় দেবে না।
আব্দুল্লাহ বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে এখনও নির্বাচনের সুষ্ঠু ফলাফল পাওয়া সম্ভব।
তিনি বলেন, "নির্বাচনের ফলাফলই আফগানিস্তানকে অস্থিতিশীল করার জন্য যথেষ্ট বলেই আমার মনে হয়।"
মঙ্গলবার প্রায় ৯০ শতাংশ ভোটগণনার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হামিদ কারজাই এগিয়ে রয়েছেন। আব্দুল্লাহর সঙ্গে দ্বিতীয় দফা ভোট এড়াতে তার ৫০ শতাংশের বেশি ভোট পাওয়া দরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৮১১ ঘ.
bdnews24