২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ভয়াবহ বন্যায় ৩১ জনের প্রাণহানি

তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যায় ৩১ জনের প্রাণহানি হয়েছে। ভেসে গেছে বাড়িঘর। মহাসড়কগুলো পরিণত হয়েছে খরস্রোতা নদীতে। কর্মস্থলে যাওয়ার পথে মিনিবাস তলিয়ে নিহত হয়েছে ৭ নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 04:48 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ইস্তাম্বুল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যায় ৩১ জনের প্রাণহানি হয়েছে। ভেসে গেছে বাড়িঘর। মহাসড়কগুলো পরিণত হয়েছে খরস্রোতা নদীতে। কর্মস্থলে যাওয়ার পথে মিনিবাস তলিয়ে নিহত হয়েছে ৭ নারী। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান বুধবার ইস্তাম্বুলে ২৬ জন এবং এর পশ্চিমাঞ্চল সারে এলাকায় একই পরিবারের আরও ৫ জনের প্রাণহানির কথা জানিয়েছেন। ৯ জন নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি। দুইদিনের প্রচণ্ড বৃষ্টিপাতে হঠাৎ করেই এই বন্যা দেখা দেয়। এতে দেশের নিম্নাঞ্চলীয় এলাকাগুলো তলিয়ে গেছে। ইস্তাম্বুলে উদ্ধারকর্মীরা নৌকায় করে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে পানির স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজে নেমেছে হেলিকপ্টারও। আটকা পড়া লোকজনদের হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নগরীর পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। কারণ এ এলাকাগুলোতে পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা নেই। পানি ইতোমধ্যে কমতে শুরু করেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বেসির আতালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০৮ ঘ.