২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ফ্লু'র লক্ষণ-শ্বাসকষ্ট মাত্রই ওষুধ শুরুর পরামর্শ

যাদের এইচ১এন১ ভাইরাস সংক্রমণের লক্ষণ এবং শ্বাসকষ্ট আছে তাদের পরীক্ষার জন্য বিলম্ব না করে ট্যামিফ্লু বা রেলেঞ্জার মতো ভাইরাসপ্রতিরোধী ওষুধ সেবনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 11:23 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যাদের এইচ১এন১ ভাইরাস সংক্রমণের লক্ষণ এবং শ্বাসকষ্ট আছে তাদের পরীক্ষার জন্য বিলম্ব না করে ট্যামিফ্লু বা রেলেঞ্জার মতো ভাইরাসপ্রতিরোধী ওষুধ সেবনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার একথা বলেছেন। সিডিসি জানিয়েছে, এ ভাইরাসে আক্রান্ত রোগীদের অবস্থা গুরুতর হওয়ার আগেই চিকিৎসকদের অ্যান্টিভাইরাল ওষুধের নাম লিখে পরামর্শপত্র দিতে হবে। যাতে রোগীর মধ্যে এ ভাইরাসের লক্ষণ আরও গুরুতর আকারে দেখা দেওয়ার আগেই ওষুধ সেবন শুরু করতে পারে। হালনাগাদ করা এ নির্দেশনায় সিডিসি জানিয়েছে, "গবেষণাগারে পরীক্ষা করে নিশ্চিত হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত হবে না। কেননা পরীক্ষার ফলাফল আসতে বিলম্ব হতে পারে এবং পরীক্ষায় ফলাফল নেতিবাচক হলেও ইনফ্লুয়েঞ্জার আশঙ্কা নাকচ করে দেওয়া যায় না।" সিডিসির ডা. অ্যান সুচাত সাংবাদিকদের বলেন, "ইনফ্লুয়েঞ্জার লক্ষণ দেখা দিলে শিশু, তরুণ, বয়স্ক এবং গর্ভবর্তী নারী সবারই অ্যান্টিভাইরাস ওষুধ সেবন করতে হবে।" তিনি এটাও বলেন, অনেকরই কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। কেননা এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকেই আপনিতেই ভাল হয়ে গেছেন। সুচাত বলেন, "তাদের বাসায় রেখে মুরগির স্যুপ এবং প্রচুর পরিমাণে তরল খাবার খাইয়ে বিশ্রামে রাখতে হবে।" কাদের চিকিৎসার প্রয়োজন আছে এবং নেই সে ব্যাপারে নতুন এ নির্দেশমালায় মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যাদের ওষুধের প্রয়োজন নেই তাদের তা দিয়ে অপব্যবহার না করাই ভাল। এইচ১এন১সহ যেকোনো ধরনের ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার একদিনের মধ্যে অথবা লক্ষণ শুরু সঙ্গে সঙ্গে গ্লাক্সোস্মিথক্লাইনের রেলেঞ্জা বা রোচে এজি'র তামিফ্লু সেবন শুরু করলে জীবন বাচাঁতে সহায়তা হবে। লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ওষুধগুলো সেবন শুরু করলে ফ্লুটি ছড়ানো থেকেও রক্ষা পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৮২৮ ঘ.