ব্রাসেলস, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ৪৫৫ টি নতুন বাড়ি নির্মাণ অনুমোদনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্য দিয়ে ইসরায়েল শান্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক নিন্দাবাদ উস্কে দিচ্ছে বলে সমালোচনা করেছে ইইউ।
ইসরায়েল গত সোমবার পশ্চিম তীরে ৪৫৫ টি নতুন বাড়ি নির্মাণ প্রকল্প অনুমোদন করে। এ পদক্ষেপের বিরোধিতা করেছে ফিলিস্তিন এবং যুক্তরাষ্ট্র।
ইইউ প্রেসিডেন্ট সুইডেনের একটি বিবৃতিতে বলা হয়েছে, "ইসরায়েলের অতিরিক্ত হুইদি বসতি নির্মাণের অনুমতিতে ইইউ মারাত্মক উদ্বেগ প্রকাশ করছে।"
এতে আরও বলা হয়, "বসতিস্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ এবং শান্তির পথে প্রতিবন্ধকতা। ইইউ আবারও পূর্বজেরুজালেমসহ ইহুদি বসতির স্বাভাবিক বৃদ্ধি অঞ্চলে ইসরায়েলকে অবিলম্বে বসতিস্থাপন বন্ধ করা এবং ২০০১ সালের মার্চে স্থাপিত সব সেনাফাঁড়ি নির্মূল করার আহ্বান জানাচ্ছে।"
ইসরায়েলের ধারণা, নতুন বাড়ি নির্মাণ প্রকল্প অনুমোদনের পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বসতিস্থাপন বন্ধের কথা বিবেচনা করার আগে তার সরকারের কট্টর ডানপন্থী সদস্যদের শান্ত করার চেষ্টা নিয়েছেন।
কিন্তু ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরাকাত বলেছেন, ইসরায়েলের এ সিদ্ধান্তে শান্তি আলোচনার ক্ষেত্রে তাদের বিশ্বস্ততা আরও ক্ষুন্ন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৩৭ ঘ.
bdnews24