কাবুল, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানে মঙ্গলবার ভোটগণনার প্রায় শেষপর্যায়ের প্রকাশিত ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রথম দফাতেই নির্বাচনে জিতে যাওয়ার পর্যায়ে রয়েছেন। তবে জাতিসংঘের নিয়োগ করা নজরদারি কমিশন নির্বাচনে "জালিয়াতির সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ" পাওয়ার কথা জানিয়ে আংশিক ভোট পুনর্গণনার আদেশ দিয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে ৯১ দশমিক ৬ শতাংশ ভোট গণনায় কারজাই ৫৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ২৮ দশমিক ২৩ শতাংশ।
২০ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনের পর মাঝে মাঝেই নির্বাচন কমিশন গণনার ফল প্রকাশ করলেও এই প্রথম জানা গেল কারজাই দ্বিতীয় দফা নির্বাচন এড়ানোর জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের সীমা অতিক্রম করেছেন।
জাতিসংঘের নিয়োগ করা নজরদারি কমিশন ইলেকশন কমপ্লেইন্টস কমিশনের (ইসিসি) অভিযোগের মুখে এই ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে।
ইসিসি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, যেসব ভোটকেন্দ্রে ৬০০ এর বেশি ভোট পড়েছে, এবং যেসব কেন্দ্রে ১০০ শতাংশ ভোট পড়েছে তা আবার গণনা ও নিরীক্ষা করে দেখতে হবে। ১০০ এর বেশি বৈধ ভোট পড়া কোনো কেন্দ্রে একজন প্রার্থী ৯৫ শতাংশের বেশি ভোট পেয়ে থাকলেও তা আবার গণনা করতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে, "তদন্ত করতে গিয়ে ইসিসি অনেক কেন্দ্রে ভোট জালিয়াতির সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে।"
ইসিসি বলেছে, জালিয়াতির প্রমাণ পাওয়া কেন্দ্রগুলোর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভোট পড়েছে অথবা একজন প্রার্থী প্রত্যাশার অনুপাতের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন।
"ইসিসি আরও দেখেছে, জালিয়াতির প্রমাণ পাওয়া বেশিরভাগ কেন্দ্রেই প্রত্যাশার চেয়ে অতিরিক্ত ভোট পড়েছে যদিও বিশ্বাসযোগ্র নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলো ওইসব কেন্দ্রে কম ভোট পড়ার কথা জানিয়েছিল।"
পাঁচ সদস্যের ইসিসি'র তিনজনকে নিয়োগ দিয়েছে জাতিসংঘ। এর প্রধান একজন কানাডিয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১৫ ঘ.
bdnews24