২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান হাসপাতালে মার্কিন সেনাদের তল্লাশির অভিযোগ

আফগানিস্তানে সুইডিশ চ্যারিটি পরিচালিত একটি হাসপাতালে মার্কিন সেনারা ঝটিকা তল্লাশি অভিযান চালিয়েছে। হাসপাতালে ঢুকে তারা কর্মচারীদের পাশাপাশি রোগীদের আত্মীয়দেরও বেঁধে রাখে। 'সুইডিশ কমিটি ফর আফগানিস্তান' (এসসিএ) রোববার এ অভিযোগ করেছে। এটি ত্রাণ সংগঠনগুলোর সঙ্গে মার্কিন বাহিনীর চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

কাবুল, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে সুইডিশ চ্যারিটি পরিচালিত একটি হাসপাতালে মার্কিন সেনারা ঝটিকা তল্লাশি অভিযান চালিয়েছে। হাসপাতালে ঢুকে তারা কর্মচারীদের পাশাপাশি রোগীদের আত্মীয়দেরও বেঁধে রাখে। 'সুইডিশ কমিটি ফর আফগানিস্তান' (এসসিএ) রোববার এ অভিযোগ করেছে। এটি ত্রাণ সংগঠনগুলোর সঙ্গে মার্কিন বাহিনীর চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেছে তারা। রোববার ইস্যুকৃত এক বিবৃতিতে বলা হয়েছে, সেনারা বুধবার সন্ধ্যায় অকস্মাৎ কাবুলের দক্ষিণে ওয়ারডাকের হাসপাতালে ঢুকে পড়ে তল্লাশি শুরু করে। নারীদের ওয়ার্ড এবং টয়লেটেও তল্লাশি চালায় তারা। এক বিবৃতিতে এসসিএ বলেছে, হাসপাতালে ঢুকে তারা ৪ কর্মী এবং রোগীদের পরিবারের ২ জনকে বেঁধে রাখে। তল্লাশি চলাকালে সেনারা এসসিএ স্টাফসহ রোগীদেরকে (এমনকি বিছানায় থাকা রোগীদেরও) হাসপাতাল কক্ষ/ওয়ার্ডের বাইরে থাকতে বাধ্য করে। এসইসি কান্ট্রি ডাইরেক্টর আন্দ্রে ফ্যাঞ্জ রয়টার্সকে বলেছেন, "এটি মেনে নেওয়া যায়না।" তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যসুবিধাস্থলে এটি কেবল বিশ্বব্যাপী স্বীকৃত মানবিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘনই নয় বরং ত্রাণ সংস্থাগুলোর সঙ্গে ন্যাটো-পরিচালিত আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর নাগরিক-সামরিক চুক্তিরও লঙ্ঘন। ন্যাটো পরিচালিত বাহিনীর একজন প্রেস অফিসার লেফটেন্যান্ট-কমান্ডার ক্রিস্টিন সাইডেনস্ট্রাইকার বলেছেন, তিনি এ ঘটনা সম্পর্কে অবগত। তবে এ ব্যাপারে মন্তব্য করার মতো যথেষ্ট তথ্য তার হাতে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৮ ঘ.