২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল জ্যাকসন চিরনিন্দ্রায় শায়িত

মৃত্যুর ৭০ দিন পর লস এঞ্জেলেসের গ্লেনডেল শহরতলীর 'ফরেস্ট লন' সমাধিতে চিরনিন্দ্রায় শায়িত হলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। তাকে শেষ শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরাসহ নামকরা সব তারকারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 06:58 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ক্যালিফোর্নিয়া, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মৃত্যুর ৭০ দিন পর লস এঞ্জেলেসের গ্লেনডেল শহরতলীর 'ফরেস্ট লন' সমাধিতে চিরনিন্দ্রায় শায়িত হলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। তাকে শেষ শ্রদ্ধা জানালেন পরিবারের সদস্যরাসহ নামকরা সব তারকারা। বৃহস্পতিবার রাতে নির্ধারিত সময়ের এক ঘন্টারও বেশি সময় পর জ্যাকসনের শেষকৃত্য শুরু হয়। ভক্তদের ভিড় সামলাতে সমাধিস্থলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নিরাপত্তা রক্ষার খাতিরে বুধবার রাত থেকেই সমাধিস্থলের আকাশে টহল দেয় পুলিশের হেলিকপ্টার। সেইসঙ্গে এলাকাটি পাহারায় থাকে পুলিশের কুকুর, সাধারণ পোশাক পরা পুলিশ কর্মকর্তারাসহ, প্রাইভেট সিকিউরিটি অফিসাররা। জ্যাকসনের মা, বোন, সন্তানরাসহ অন্যান্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা ৩০ টিরও বেশি গাড়ির বহর নিয়ে সমাধিস্থলে পৌঁছান। এর কিছুক্ষণ পরই সেখানে নিয়ে যাওয়া হয় জ্যাকসনের লাশ। অনুষ্ঠানে যোগ দেন প্রায় ২০০ অতিথি। জ্যাকসনের পরিবরের সদস্যরা ছাড়াও এতে অংশ নেন বিখ্যাত বহু গায়ক- গায়িকা ও অভিনেতা- অভিনেত্রী। প্রাণঘাতী মাত্রার এনিসথেটিক প্রপোফলের কারণে ২৫ জুন লস এঞ্জেলেসে মারা যান ৫০ বছর বয়স্ক জ্যাকসন। তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেই জানিয়েছে লস এঞ্জেলেসের করোনোর অফিস। ২৯ আগস্ট জ্যাকসনের ৫১ তম জন্মদিনে তাকে সমাহিত করার কথা ছিল। কিন্তু শেষকৃত্য অনুষ্ঠানের পরিকল্পনার জন্য তার পরিবার আরও সময় নেওয়ায় তা পিছিয়ে যায়। ফরেস্ট লন সমাধিস্থলে শায়িত আছেন বহু বিখ্যাত সব তারকা। জ্যাকসনও তাদের পাশেই সমাহিত হলেন। তার শেষকৃত্যানুষ্ঠানে ব্যয় হয়েছে বিপুল অঙ্কের অর্থ। জ্যাকসনের সম্পত্তি থেকেই এ ব্যয়ভার মেটানো হয়েছে। এটর্নি জেরিল কোহেন বলেছেন, তাকে সমাহিত করতে ১২ টি প্লট কেনার জন্যই খরচ এত বেশি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১০ ঘ.