কাওহসিয়াং, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিব্বতি এক আইনপ্রণেতা বুধবার জানিয়েছেন, তাইওয়ানের কর্মকর্তারা চীনের চাপের মুখে তাদের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে জনসম্মুখে বক্তব্য ও গণমাধ্যমের সঙ্গে কথা বলা বন্ধ রাখতে বলেছেন। তিনি বলেন, তাইওয়ান সফররত দালাই লামা রাজনীতি নিয়ে কথা বলতে পারেন বলে চীন আশঙ্কা করছে।
স্বশাসিত দ্বীপ দেশ তাইওয়ানকে নিজেদের ভূখন্ড বলে দাবি করে আসছে চীন। এ বছরের মাঝামাঝি সময় থেকে চীনের সঙ্গে বাণিজ্য ও ট্রানজিট সংযোগ স্থাপনের মধ্য দিয়ে ৬০ বছরের বৈরিতা অবসানের চেষ্টা নিয়েছে তাইওয়ান।
কিন্তু এরই মধ্যে টাইফুন মোরাকোট দুর্গতদের জন্য প্রার্থনা ও সান্ত্বনার বাণী দিতে তাইওয়ানে দালাই লামার সফর নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠছে দু দেশের সম্পর্ক। দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে আসা চীন এ সফরের তীব্র নিন্দা করে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
দালাই লামার ঘনিষ্ঠ এক তাইপে-ভিত্তিক তিব্বতি পার্লামেন্ট সদস্য খেদ্রুব থন্দুপ জানান, দালাই লামাকে সাংবাদিক সম্মেলন বাতিল করাসহ প্রায় ১০ হাজার লোকের সামনে আয়োজিত ভাষণ, গণমাধ্যমে সাক্ষাৎকারের অনুরোধ বাতিল করতে বলা হয়েছে। এমনকি তাইওয়ানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের আশাও ছেড়ে দিতে বলা হয়েছে তাকে।
টাইফুন দুর্গতদের জন্য গণপ্রার্থনা এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকগুলোতে দালাই লামা এ পর্যন্ত কোনও রাজনৈতিক মন্তব্য এড়িয়ে চলেছেন।
থন্দুপ রয়টার্সকে বলেন, "তিনি কিছু বলে ফেলেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন বেইজিং।" "কিন্তু এটি কমিউনিস্ট তাইওয়ান নয়। এটি গণতান্ত্রিক তাইওয়ান। আর দালাই লামা অভ্যাগতকে 'বিব্রত' না করারই চেষ্টা করবেন।"
ওদিকে, তাইওয়ান প্রেসিডেন্টের মুখপাত্র টনি ওয়াং জানিয়েছেন, দালাই লামাকে গণমাধ্যম কিংবা জনসংযোগ বন্ধ রাখার কোনও অনুরোধ করতে তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেউ'র প্রতি কোনো আহ্বান জানায়নি চীন।
ওয়াং বলেন, "দালাই লামার সফরসূচি পুরোটাই তার নিজের সিদ্ধান্ত এবং প্রেসিডেন্টের কার্যালয় এ সিদ্ধান্তকে সম্মান করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/এমএইচবি/১৮৩৬ ঘ.
bdnews24