২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে মিত্রতা অটুট রাখার আশ্বাস জাপানের

জাপানে ক্ষমতার বিরল পরিবর্তনের মুখেও ওয়াশিংটন-টোকিও সম্পর্কে বড় ধরনের কোনও পরিবর্তন হবে না। যুক্তরাষ্ট্রকে মিত্রতা অটুট রাখার আশ্বাস দেওয়ার চেষ্টা নিয়ে জাপানের নতুন সরকার বুধবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 07:28 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

টোকিও, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানে ক্ষমতার বিরল পরিবর্তনের মুখেও ওয়াশিংটন-টোকিও সম্পর্কে বড় ধরনের কোনও পরিবর্তন হবে না। যুক্তরাষ্ট্রকে মিত্রতা অটুট রাখার আশ্বাস দেওয়ার চেষ্টা নিয়ে জাপানের নতুন সরকার বুধবার একথা বলেছে। জাপানের নির্বাচনে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)'র ৫০ বছরেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান (ডিপিজে)। শুরু হয়ে গেছে ক্ষমতা হস্তান্তর। আগামী দু'সপ্তাহের মধ্যে ডেমোক্র্যাটিক পার্টির ইউকিও হাতোয়ামাকে প্রধানমন্ত্রী নির্বাচন করবে পার্লামেন্ট। ক্ষমতায় এতবড় পরিবর্তনের মুখেও যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সম্পর্কের ধারা অব্যাহত রাখাটাকেই নতুন কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ওদিকে, নতুন এক মার্কিন রাষ্ট্রদূতও বলেছেন, জাপানে কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি নতুন জায়গায় স্থাপন করার বিতর্কিত পরিকল্পনারও কোনও পরিবর্তন হবে না। তবে ডেমোক্র্যাটিক নেতা হাতোয়ামা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কোনও ক্ষতি না করেই ওয়াশিংটনের ওপর থেকে নির্ভরতা কমাতে চান। জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বিনিয়োগকারী ও অন্য অনেকেরই উদ্বেগ-উৎকণ্ঠা লাঘবের চেষ্টা নিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির ঊর্ধ্বতন এক আইনপ্রণেতা। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে আইনপ্রণেতা কোহেই ওতসুকা বলেন, "আমরা বারবারই বলেছি কূটনীতির মূলনীতি হিসাবে জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং এবং কূটনীতির ধারা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছি।" ওদিকে, ডেমোক্র্যাটরা বলেছে, ওকিনায়া দ্বীপে মেরিন বিমান ঘাঁটি সরিয়ে নেওয়া, জাপানে মার্কিন সেনা পরিচালনা নিয়ে চুক্তি এবং ৮ হাজার মেরিন সেনাকে গুয়ামে পাঠানোর চুক্তিটি তারা পুনরায় বিচার-বিশ্লেষণ করে দেখতে চায়। তবে জাপানে নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন রুজ মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ওই সমস্ত চুক্তি আলোচনার উর্ধ্বে। তিনি বলেন, "এটি পরিস্কার যে, দু দেশের সরকারি পর্যায়ে ওই চুক্তি সম্পন্ন হয়ে গেছে। দু'পক্ষ এতে রাজি হয়েছে। এখন তা সামনে এগুবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৫১ ঘ.