২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরীদের পাকিস্তানের নর্দান এরিয়াস পরিকল্পনা প্রত্যাখ্যান

কাশ্মীরের রাজনীতিকরা ইসলামাবাদের একটি পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছে, কৌশলগত ও বিরোধপূর্ণ নর্দান এরিয়াসকে পাকিস্তানের অঙ্গীভূত করার লক্ষ্যে ওই পরিকল্পনা করা হয়েছে। এতে ভারত থেকে কাশ্মীরের স্বাধীনতা অর্জনের চেষ্টা খর্ব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ইসলামাবাদ, ৩১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাশ্মীরের রাজনীতিকরা ইসলামাবাদের একটি পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছে, কৌশলগত ও বিরোধপূর্ণ নর্দান এরিয়াসকে পাকিস্তানের অঙ্গীভূত করার লক্ষ্যে ওই পরিকল্পনা করা হয়েছে। এতে ভারত থেকে কাশ্মীরের স্বাধীনতা অর্জনের চেষ্টা খর্ব হবে। গিলগিত ও বালতিস্তান নিয়ে গঠিত নর্দান এরিয়াস কাশ্মীরের অন্তর্ভুক্ত এবং ১৯৪৮ সালে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধের পর জাতিসংঘের নেওয়া প্রস্তাবে অঞ্চলটিকে বিরোধপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। অঞ্চলটির একদিকে চীন সীমান্ত অন্যদিকে ভারতের বৌদ্ধপ্রধান লাদাক অঞ্চল। কম বসতির নর্দান এরিয়াসে বিশ্বের শীর্ষ কয়েকটি পর্বতচূড়া রয়েছে। ভারত-পাকিস্তান প্রথম যুদ্ধের পর নর্দান এরিয়াস পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকলেও এর মূলপরিচয় এখনো নির্ধারিত হয়নি কারণ পাকিস্তান কাশ্মীর সীমান্ত নিয়ে আপস না করার ব্যাপারে অবিচল রয়েছে। গত শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজ গিলানি একটি সংস্কার পরিকল্পনা ঘোষণা করেন যেখানে বলা হয়েছে, ওই এলাকাগুলোতে নিজস্ব গভর্নর ও মূখ্যমন্ত্রী থাকবে। অঞ্চলটির নতুন নামকরণও করা হয়েছে গিলগিত-বালতিস্তান। জম্মু ও কাশ্মীরের স্বাধীনতার পক্ষে আন্দোলনকারী জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা আমানুল্লাহ খান এই প্যাকেজের বিরোধিতা করে বলেছেন, "মনে হচ্ছে, বিতর্কিত অঞ্চলটি পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্যই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।" তিনি বলেন, "আমরা এই প্যাকেজের তীব্র নিন্দা জানাচ্ছি। এটা একই সঙ্গে পাকিস্তান ও কাশ্মীরীদের স্বার্থের ক্ষতি করবে।" আমানুল্লাহ আরও বলেন, "দেখে মনে হচ্ছে, ভারত যেমনটা করেছে, তারা ওই অঞ্চলকে পাকিস্তানের নিজস্ব অংশে পরিণত করতে চাচ্ছে।" পাকিস্তানপন্থি রাজনীতিক ও পাকিস্তানশাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী সরদার আতিক আহমেদ খানও এই ব্যাপারে তার অসন্তোষ জানিয়েছেন। তিনি বলেন, "আমরা ওই অঞ্চলগুলোর অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন সমর্থন করি।...কিন্তু একতরফাভাবে অঞ্চলগুলোর মর্যাদা পরিবর্তন ও ধীরে ধীরে একে প্রদেশে পরিণত করার পদক্ষেপ সন্দেহের উদ্রেক করে। আমাদের কাছে এটা গ্রহণযোগ্য নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২৩৪ ঘ.