ওয়াশিংটন, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্ক শহরে এই বসন্তে প্রায় আট লাখ লোক এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সপ্তাহেই প্রকাশের অপেক্ষায় থাকা নতুন এক সমীক্ষার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের এক শীর্ষ কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন।
'যুক্তরাষ্ট্র রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র' (সিডিসি) এর প্রধান ডা. টমাস ফ্রিডেন জানান, এ সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে ভাইরাস শহরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এ বছর জুনে সিডিসি প্রধানের দায়িত্ব নেওয়ার আগে ফ্রিডেন নিউ নিয়র্ক শহরের স্বাস্থ্য কমিশনার ছিলেন।
সি-স্প্যান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রিডেন বলেন, "এ বসন্তে নিউ ইয়র্ক শহরের প্রায় আট লাখ লোক অর্থাৎ শহরের প্রায় ১০ শতাংশ লোক এ ফ্লুতে আক্রান্ত হয়েছে।"
তিনি বলেন, "এটা বিপুল একটি সংখ্যা।"
ফ্রিডেনের সাক্ষাৎকার রোববার টেলিভিশন চ্যানেলটি প্রচার করেছে।
নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে , খুব শিগগিরই পুরো সমীক্ষা শেষ করে কয়েক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্তপ্রায় ১০ লাখ লোক সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে তরুণ এবং বড় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সিডিসি এ ভাইরাসটিকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে নিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ক্রমান্বয়ে বিশ্বের এক তৃতীয়াংশ লোক এ মহামারীতে আক্রান্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬০২ ঘ.
bdnews24