বোগোটা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এইচ১এন১ সোয়াইন ফ্লু ভাইরাস আক্রান্ত হয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরিব। তার চিকিৎসা চলছে। এর মাঝেই বাসভবন থেকে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি। সরকারের মুখপাত্র সিজার ভেলাকুয়েজ রোববার একথা জানিয়েছেন।
মুখপাত্র রয়টার্সকে জানান, প্রেসিডেন্ট টেলিফোন এবং ইন্টারনেটের মাধ্যমে কাজ চালাচ্ছেন।
দক্ষিণ আমেরিকায় ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র এবং জনপ্রিয় কনজারভেটিভ নেতা ইউরিব শুক্রবার আর্জেন্টিনায় আঞ্চলিক নেতাদের একটি সম্মেলনে যোগ দেন। এর পরপরই তার জ্বর আসে এবং সেইসঙ্গে মাথাব্যথা ও পিঠব্যথা শুরু হয় বলে জানিয়েছেন ভেলাকুয়েজ।
তিনি বলেন, সম্মেলনে ইউরিবের সংস্পর্শে আসা নেতাদেরকে তার সোয়াইন ফ্লু আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে।
এর আগে কোস্টারিকার প্রেসিডেন্ট অস্কার আরিয়াস সোয়াইন ফ্লু আক্রান্ত হন। ফ্লু আক্রান্ত হওয়া তিনিই প্রথম সরকার প্রধান।
এ মাসের শুরুতে আরিয়াস সেরে উঠেছেন এবং স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন। অসুস্থ থাকা অবস্থায় তাকেও তার বাড়িতে চিকিৎসা করা হয় এবং চিকিৎসা চলাকালে তিনি প্রায় এক সপ্তাহ বাড়ি থেকে কাজ চালান।
সামাজিক রক্ষণাবেক্ষণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, কলম্বিয়া ৬২১ জনের সোয়াইন ফ্লু সংক্রমণ এবং ৩৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে।
এপ্রিলে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র দিয়ে শুরু হয়ে এইচ১এন১ সোয়াইন ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও জুনে এই ফ্লুকে মহামারী ঘোষণা করেছে। এতে বহু লোক আক্রান্ত হতে পারে বলেও ডব্লিউএইচও সতর্ক করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩০১ ঘ.
bdnews24