২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াইয়ের মুখে চীনে পালিয়েছে মিয়ানমারের ১০ হাজার অধিবাসী

মিয়ানমারের প্রত্যন্ত উত্তরপূর্বাঞ্চলে সরকারি বাহিনী এবং সশস্ত্র একটি জাতিগত দলের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ের মুখে প্রতিবেশী চীনে পালিয়েছে ১০ হাজার অধিবাসী। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 08:58 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

বেজিং, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের প্রত্যন্ত উত্তরপূর্বাঞ্চলে সরকারি বাহিনী এবং সশস্ত্র একটি জাতিগত দলের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ের মুখে প্রতিবেশী চীনে পালিয়েছে ১০ হাজার অধিবাসী। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার একথা জানিয়েছে। মিয়ানমার সীমান্তের চীনা প্রদেশ ইউনান পরিচালিত নিউজ ওয়েবসাইট (ডব্লিউডব্লিউডব্লিউ ডট ইউনান ডট সিএন) জানিয়েছে, "বৃহস্পতিবার বিকাল থেকে নতুন করে লড়াই শুরু হয়েছে। এতে অধিবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে দলে দলে আমাদের ভূখন্ডে প্রবেশ করছে।" দ্য ইউনান আরও জানায়, শুক্রবার সকাল নাগাদ মোট ১০ হাজার লোক মিয়ানমার থেকে চীনে পালিয়ে এসেছে। তাদেরকে ৭ টি জায়গায় রাখা হয়েছে এবং খাবার ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মিয়ানমারের শান প্রদেশের কোকাংয়ে এ মাসে এর আগেও একবার লড়াইয়ের মুখে হাজার হাজার লোক সীমান্ত পেরিয়ে চীনে পালিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবিধকার গ্র"প বলেছে, মিয়ানমার ওই এলাকায় সেনা মোতায়েনের পর গোলযোগের সূত্রপাত হয়েছে। সীমান্ত এলাকায় এ সমস্যা চীন ও মিয়ানমারের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোলযোগপূর্ণ কোকাংয়ে বহু জাতিগত চীনা এবং চীনা নাগরিকের বাস। এদের বেশিরভাগই সীমান্ত এলাকায় ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে। ওই এলাকার 'ইউনান একাডেমি অব সোশ্যাল সায়েন্স' এর এক বিশেষজ্ঞ হি শেংদা বলেছেন, এ অঞ্চলে মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ লাভের চেষ্টা বড় ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করেছে। চীনা পত্রিকা গ্লোবাল টাইমসকে তিনি বলেন, "স্থানীয় মিলিশিয়াদের ওপর নিয়ন্ত্রণ নেওয়াটা মিয়ানমার সরকারের জন্য খুব সহজ হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৭ ঘ.