বোস্টন, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যে রাজনৈতিক পরিবারটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা, গল্প, কৌতুহল, আবেগ; সেই কেনেডি পরিবারের আরেক সদস্য সিনেটর এডওয়ার্ড কেনেডির মৃত্যুতে এর আলোকচ্ছটা এখন নিভু নিভু। কেনেডি নামটির মাহাত্ম্য বহন করার মতো; গভীর ব্যক্তিত্ব, উচ্চাকাঙ্ক্ষী ও তারকাখ্যাতি পাওয়ার মতো আর কোনো উত্তরাধিকারী উঁকি দিচ্ছে না।
আততায়ীর হাতে খুন হওয়া প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই, যুক্তরাষ্ট্রের কার্যকর আইনপ্রণেতাদের অন্যতম এডওয়ার্ড 'টেড' কেনেডি বছরখানেক ক্যান্সারের সঙ্গে লড়ে মঙ্গলবার রাতে মারা গেছেন। তার মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে পৃথিবী ছেড়ে গেছেন তার বোন এউনিস কেনেডি শ্রিভার, যিনি ছিলেন মানসিক প্রতিবন্ধীদের শ্রেষ্ঠ সুহৃদদের একজন, চালু করেছিলেন স্পেশাল অলিম্পিক।
বোস্টন ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক টমাস ওয়ালেন বলেছেন, "মনে হচ্ছে কেনেডি পরিবারের মশাল বহন করার মতো আর কেউ নেই।"
১৯৬৩ সালে প্রেসিডেন্ট কেনেডিকে হারানোর পর আরেক ভাই সিনেটর রবার্ট কেনেডিও ১৯৬৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে প্রচারাভিযান চালানোর সময় আততায়ীর গুলিতে নিহত হন। তাদের আরেক ভাই জো কেনেডি ছিলেন পাইলট, দ্বিতীয় মহাযুদ্ধের সময় তিনি নিহত হন।
জন এফ কেনেডির প্রথম দফা সিনেট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে 'কেনেডি ভার্সেস লজ: দ্যা নাইনটিন ফিফটি-টু ম্যাসাচুসেটস সিনেট রেস' নামে বই লিখেছিলেন অধ্যাপক ওয়ালেন। তিনি বলেন, "পরের প্রজন্মের কাউকে কেনেডি পরিবারের হাল ধরার মতো মনে হচ্ছে না। এডওয়ার্ড টেড কেনেডিই সম্ভবত হালটি ধরেছিলেন। তার মৃত্যুর সঙ্গেই হয়তো শেষ আলোকবর্তিকাটি নিভে গেল।"
এডওয়ার্ড কেনেডির ক্যান্সার সনাক্ত হওয়ার পর যেমনটি হয়েছিল, মঙ্গলবার তার মৃত্যুর পরও ফের আলোচনা-অনুমান শুরু হয়েছে তার উত্তরসূরি নিয়ে। যুক্তরাষ্ট্রে তৃতীয় দীর্ঘতম সময় সিনেটর থাকা এডওয়ার্ডের ছায়াতল থেকে পরিবারের নতুনদের কেউ মাথা তুলছেন কি না তা নিয়ে চলছে জোর আলোচনা।
তরুণ কেনেডিদের অনেকেই সামাজিক জীবনে সক্রিয় কিন্তু চার কেনেডি ভাইয়ের সবচেয়ে ছোটজন টেড কেনেডির মাপের এরা কেউই নয়।
প্রায় পাঁচ দশক ধরে সিনেটের যে আসনটি পরিবারটির আয়ত্তে ছিল, সেটি কব্জায় নিতেও পরিবারটির পছন্দের তালিকা সীমিত। এডওয়ার্ডের ভাইপো, রবার্ট কেনেডির ছেলে জোসেফের নামই এ ব্যাপারে বেশি শোনা যায়।
জোসেফ ম্যাসাচুসেটস থেকে ছয়বার কংগ্রেস সদস্য ছিলেন। এখন তিনি মুনাফাকাক্সক্ষীহীন 'সিটিজেন এনার্জি কর্পোরেশন' পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠানটি অঙ্গরাজ্যটির দরিদ্রদের শস্তায় হিটিং অয়েল দিয়ে থাকে।
ম্যাসাচুসেটসের গভর্নর পদে বেশ কয়েকবার তার প্রতিদ্বন্দ্বিতার কথা শোনা গিয়েছিল কিন্তু প্রতিবারই এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেন তিনি। ২০০১ সালেও না দাঁড়ানো পর তিনি বোস্টন গ্লোবকে বলেন, "আমি রাজনীতিকে প্রত্যাখ্যান করছি না। আমি সিটিজেনে কাজ করতেই পছন্দ করছি।"
কেনেডির পরিবারের প্রতি গভীর অনুরক্ত ডেমোক্র্যাট দল ৫৬ বছর বয়সী জোসেফকে তার কাকার সিনেট আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহ্বান জানাতে পারে।
ম্যাসাচুসেটস রাজ্যের আইন অনুযায়ী সিনেটের আসন শূন্য হলে ১৪৫ থেকে ১৬০ দিনের মধ্যে বিশেষ নির্বাচন ডাকবেন গভর্নর।
অন্য কেনেডিরাও হয়তো পরিবারটির ঐতিহ্য জিইয়ে রাখতে সক্ষম। তবে 'লায়ন অব দ্যা সিনেট' অভিধা পাওয়া এডওয়ার্ড কেনেডির মতো ভাবমূর্তি কারোরই নেই।
এদের মধ্যে আছেন টেড কেনেডির ছেলে, প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য ৪২ বছর বয়সী প্যাট্রিক কেনেডি। তিনি অবশ্য কংগ্রেসম্যান হয়েছেন প্রতিবেশী রড আইল্যান্ড থেকে। বাবার সিনেট আসনে আসনে দাঁড়াতে হলে তাকে ম্যাসাচুসেটসে চলে আসতে হবে।
তবে এতটা উঁচু পদে দাঁড়ানো ক্ষেত্রে তাকে নিয়ে জন্ম নেওয়া বিতর্ক বাধ সাধতে পারে। তাকে নিয়ে সর্বশেষ বিতর্কটি তৈরি হয় ২০০৬ সালে। ওয়াশিংটনের একটি নিরাপত্তা বেষ্টনীর দেয়ালে গাড়ি নিয়ে ধাক্কা দেওয়ার পর তিনি ব্যবস্থাপত্রের মাধ্যমে নেওয়া ওষুধনির্ভরতা থেকে রক্ষা পাওয়ার সহায়তা চান। এই বছর তার ওষুধ আসক্তি ফের ফিরে আসে।
পরিবারের আরেক সদস্য, রবার্ট কেনেডির জ্যেষ্ঠ সন্তান কাথলিন কেনেডি টাউনসেন্ট (৫৮) মেরিল্যান্ডের সহকারি গভর্নর ছিলেন। ২০০৩ সালে গর্ভনর পদে দাঁড়ানোর প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার সঙ্গে তার রাজনৈতিক ক্যারিয়ারও শেষ হয়ে যায়।
জন এফ কেনেডির মেয়ে ক্যারোলিন কেনেডি (৫১) নিউ ইয়র্কে হিলারি ক্লিনটনের ছেড়ে দেওয়া সিনেট আসনটি পাওয়ার চেষ্টা থেকে সরে দাঁড়ান।
একজন লেখক এবং পাশাপাশি দানশীল নারী হিসেবে পরিচিত ক্যারোলিন গণমাধ্যমে দেওয়া বেশ কয়েকটি সাক্ষাৎকার নিপড সমালোচনা মুখে পড়েন। সাক্ষাৎকারে তার কথাবার্তা ও জবাবের মধ্যে কেউ কেউ ফ্যাসনচলতি শস্তা বিষয় ও অগোছালোভাব খুঁজে পান। বেশ কয়েকটি নির্বাচনে তিনি ভোট দেওয়ারও পরোয়া করেননি। তাই অনেকে প্রশ্ন তোলেন নামের সঙ্গে কেনেডি থাকার সুবাদেই তিনি সিনেটে দাঁড়িয়ে যাবেন?
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক জুলিয়ান জেলাইজার বলেছেন, "ক্যারোলিন কেনেডির ব্যর্থতা কেনেডি ব্রান্ডের অনেক ক্ষতি করেছে।"
কেনেডি পরিবারে আরও কয়েকজন আছেন, রাজনৈতিক অঙ্গনে যাদের এখনো পরীক্ষা হয়নি। রবার্ট এফ কেনেডি জুনিয়র একজন পরিবেশ কর্মী। এখন পর্যন্ত তিনি কোনো নির্বাচনী পদ অধিকার করেননি।
জেলাইজার বলেন, "পরিবারে আর যারা নবীন সদস্য আছেন, আমার মনে হয় তাদের কারোরই এই মুহূর্তে টেড কেনেডির মতো নীতিনৈতিকতা, উদারবাদিতা অথবা টেলিভিশন ও রাজনীতিতে ইন্দ্রজাল সৃষ্টি করার মতো ক্ষমতা ও বিচক্ষণতা নেই।"
"মনে হচ্ছে রাজনৈতিক পরিবারটির ঐতিহ্য উবে যেতে শুরু করেছে" বলেন জেলাইজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২৩৭ ঘ.
bdnews24