২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকান মডেলের সন্দেহভাজন খুনির 'আত্মহত্যা'

যুক্তরাষ্ট্রে এক বিকিনি মডেল তারকার নৃশংস খুনের ঘটনায় পুলিশের সন্ধানের মুখে তার সাবেক স্বামী, রিয়েলিটি টিভি তারকা রায়ান জেনকিনসকে রোববার কানাডার ভ্যাঙ্কুবারের কাছে একটি মোটেলে মৃত পাওয়া গেছে। দৃশ্যত সে আত্মহত্যা করেছে। কানাডিয়ান পুলিশ রোববার এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ভ্যাঙ্কুবার, ব্রিটিশ কলাম্বিয়া, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে এক বিকিনি মডেল তারকার নৃশংস খুনের ঘটনায় পুলিশের সন্ধানের মুখে তার সাবেক স্বামী, রিয়েলিটি টিভি তারকা রায়ান জেনকিনসকে রোববার কানাডার ভ্যাঙ্কুবারের কাছে একটি মোটেলে মৃত পাওয়া গেছে। দৃশ্যত সে আত্মহত্যা করেছে। কানাডিয়ান পুলিশ রোববার এ তথ্য জানিয়েছে। জেনকিনসের বাড়িও কানাডায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি পার্কে ফেলে রাখা স্যুটকেসের ভেতর জেসমিন ফিওর নামের মডেলটির মৃতদেহ পাওয়া যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও কানাডার পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল। সে ক্যালিফোর্নিয়া থেকে কানাডায় পালিয়ে গেছে বলে পুলিশ ধারণা করছিল। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার একটি মোটেলের ভেতর লুকিয়ে থাকার পর দৃশ্যত সে নিজেই নিজেকে হত্যা করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, জেনকিনস ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ তাকে কী অবস্থায় পেয়েছে তা জানায়নি। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ ওই পিনআপ মডেলকে হত্যার ঘটনায় ৩২ বছর বয়সী জেনকিনসকে অভিযুক্ত করেছিল। জেসমিন ফিওরের মৃতদেহ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্কে ফেলে রাখা একটি স্যুাটকেসের ভেতর গত ১৬ আগস্ট পাওয়া যায়। জেনকিনস ভিএইচ-ওয়ান টিভিতে 'মেগান ওয়ান্টস অ্যা মিলওনিয়ার' নামে একটি শোতে অংশ নেয়। গত মার্চে অনুষ্ঠানটির প্রিমিয়ার শো হয়। তবে ফিওরের মৃত্যুর কারণে টিভি কর্তৃপক্ষ এর ভবিষ্যত প্রদর্শনী স্থগিত ঘোষণা করেছে। ওই টিভি শোতে সাবেক প্লেবয় মডেল মেগান হসারম্যানের প্রেমপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৭ জন মিলিওনিয়ারের একজন ছিলেন জেনকিনস। অনুষ্ঠানে সে জানিয়েছিল, তার সম্পদের মূল্য আড়াই মিলিয়ন ডলার। ২৮ বছর বয়সী ফিওরের সঙ্গে এই বছর বিয়ে হয়েছিল জেনকিনসের। তবে ওই বিয়ে ভেঙ্গে যায় বলে গণমাধ্যম জানায়। বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার পাশাপাশি ফিওর প্লেবয়ের জন্যও কাজ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫১ ঘ.