২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেত্রঘাতের শাস্তি প্রকাশ্যে চান কার্তিকা

বিয়ার পান করার কারণে মালয়েশিয়ায় একজন মুসলমি নারীকে আগামী সপ্তাহে বেত্রাঘাত করা হবে। ওই নারী এতে দমে না গিয়ে শাস্তি প্রকাশ্যে দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন। বহুজাতির দেশ মালয়েশিয়ায় এই দণ্ড নিয়ে বিতর্ক ঘনিয়ে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 12:00 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সাঙ্গেই সিপুত, মালয়েশিয়া, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিয়ার পান করার কারণে মালয়েশিয়ায় একজন মুসলমি নারীকে আগামী সপ্তাহে বেত্রাঘাত করা হবে। ওই নারী এতে দমে না গিয়ে শাস্তি প্রকাশ্যে দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন। বহুজাতির দেশ মালয়েশিয়ায় এই দণ্ড নিয়ে বিতর্ক ঘনিয়ে উঠেছে। কার্তিকা সারি দেওই সুকর্নই প্রথম নারী যিনি মালয়েশিয়ায় মুসলমানদের জন্য প্রযোজ্য ইসলামি আইনের আওতায় শাস্তি পেতে যাচ্ছেন। ইসলামি আদালতের দেওয়া দণ্ড ২০ মাস ধরে তিনি বয়ে বেড়াচ্ছেন। কার্তিকা অবশ্য বলেছেন, মুসলমানদের জন্য অ্যালকোহল পান নিষিদ্ধ হওয়ার বিধানের প্রতি তিনি শ্রদ্ধাশীল। শাস্তি গ্রহণ করতে তার দ্বিধা নেই। তবে তিনি চান তা প্রকাশ্যে দেওয়া হোক। সাধারণত এ ধরনের শাস্তি দেওয়া হয় কারাগারের ভেতরে। দুই সন্তানের জননী কার্তিকাকে বিয়ার পানের জন্য ৫ হাজার রিংগিত (১,৪২০ ডলার) জরিমানাও দিতে হয়েছে। ৩২ বছর বয়সী কার্তিকা কুয়ালালামপুর থেকে ৩০০ কিলোমিটার দূরে প্রত্যন্ত এক গ্রামে তার বাবার বাড়িতে বসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "বিচারক রায় ঘোষণার পর আমি একটুও কাঁদিনি। নিজেকে শুধু বলেছি, যদি এটাই শাস্তি, তবে তাই হউক।" মালয়েশিয়ার ২ কোটি ৭০ লাখ জনসংখ্যার ৬০ শতাংশ মুসলমান। দেশটির রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। এ দেশে মুসলমাদের ক্ষেত্রে দেওয়ানি আইনের পাশাপাশি ইসলামিক পারিবারিক ও ফৌজদারি আইনও বলবৎ রয়েছে। কার্তিকার শাস্তি নিয়ে দেশটির জনমত বিভক্ত হয়ে পড়েছে। কেউ কেউ বলেছেন, খুবই গুরুভার শাস্তি হয়ে হয়েছে এবং অনেকে বিয়ার পান করলেও ওই মেয়েটিকেই শাস্তি পেতে হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার এই শাস্তিকে 'অসম্মানজনক' বলে সমালোচনা করেছে। অ্যালকোহল পান নিষিদ্ধ হলে রাজধানী কুয়ালালামপুর ও এর আশেপাশে বারে ও নাইট ক্লাবে অনেক মুসলমানকেই মদ পান করতে দেখা যায়। এসবস্থানে এ ব্যাপারে সবার দৃষ্টিভঙ্গিও উদার। কার্তিকা ২০০৭ সালের ডিসেম্বরে পাহাং প্রদেশের রাজধানী কুয়ানটানের একটি হোটেলে বসে বিয়ার পান করার সময় মোল্লারা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। মালয়েশিয়ান হলেও তিনি বিয়ে করেছেন সিঙ্গাপুরের এক নাগরিককে। বিয়ার পানের কারণে আদালতে তাকে চারবার হাজিরা দিতে হয়েছে এবং তার হাসপাতালের চাকরিটিও খোয়া যায়। এরপর তিনি খণ্ডকালীন মডেল হিসেবে কাজ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১০ ঘ.