মিরানশাহ, ২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগান সীমান্তের ওয়াজিরিস্তানে শুক্রবার দুটি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা একথা বলেছেন।
উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে দুই কিলোমিটার দূরে দর্প খেলি গ্রামে ওই ক্ষেপণাস্ত্র হামলা হয়। এ মাসে পাকিস্তানের জাতিগত পশতুন আদিবাসী এলাকায় সিআইএ-পরিচালিত তৃতীয় চালক বিহীন ড্রোন বিমান হামলা এটি।
পাকিস্তানি ও মার্কিন কর্মকর্তাদের ধারণা, তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদ ৫ আগস্ট দক্ষিণ ওয়াজিরিস্তানে ঠিক এরকম একটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।
মিরানশাহে রয়টার্সকে এক প্রতিবেদক জানান, ক্ষেপণাস্ত্র হামলায় একটি বিশাল বিস্ফোরণে দরজা খুলে যায়। বিস্ফোরণের পর এলাকায় ড্রোন বিমান ওড়ার শব্দ পাওয়া গেছে।
ওই এলাকার এক গোয়েন্দা কর্মকর্তা হামলায় ১২ জন নিহত হওয়ার কথা বলেছে। অন্য একজন নিহতের সংখ্যা ১৫ উল্লেখ করেছে। এদের মধ্যে বেশির ভাগই আফগান বলে উল্লেখ করেন তিনি।
আরেক গোয়েন্দা কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ৮ জন নারী ও শিশু রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২২ ঘ.
bdnews24