নয়াদিল্লি, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে একটি নতুন বইয়ের বিষয়বস্তু নিয়ে বিরোধ এই ধারণাই জন্ম দিচ্ছে যে, গত মে'র নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হওয়া ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টায় হয়তো আরও বেশি মৌলবাদী ভাবধারার দিকে ঝুঁকে পড়ছে।
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর প্রশংসা করে বই লেখায় দলটি বুধবার এর অন্যতম শীর্ষ নেতা যশোবন্ত সিংকে বহিষ্কার করেছে।
সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী যশোবন্তের বিরুদ্ধে এই পদক্ষেপে বিজেপির ভেতর কট্টরপন্থি অংশ যে সংস্কারপন্থি ও টেকনোক্র্যাট নেতাদের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা একথা বলেছেন।
এতে এই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যে, ভাবাদর্শগতভাবে বিজেপির মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরআরএস) দলে প্রভাব বিস্তার করে চলেছে। এই সংগঠনটি ভারতের ধর্মনিরপেক্ষ সমাজব্যবস্থার পরিবর্তে সংখ্যাগুরু হিন্দুদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চায়।
রাজনৈতিক ভাষ্যকার বি জি ভার্গিসি বলেছেন, "বিজিপিতে তালেবানিকরণ প্রক্রিয়া চলছে, কট্টরপন্থিরা সংখ্যায় কম ধর্মনিরপেক্ষতাবাদী নেতাদের পুরোপুরি নিরপেক্ষ করতে না পারলে তাদের দলছাড়া করতে চাচ্ছে।"
নির্বাচনে পরাজয়ের পর দিকনির্দেশহীন হয়ে পড়া বিজেপিতে ভবিষ্যতে তরুণ ভোটারদের কাছে টানতে হিন্দু-পুনরুজ্জীবনবাদী কর্মসূচিই অপরিহার্য হয়ে পড়েছে- এই বিতর্ক চলছে এখন দলটিতে। হিন্দু-পুনরুজ্জীবনবাদী দর্শনের ধ্বজা উড়িয়েই এক সময় ক্ষমতায় গিয়েছিল দলটি।
যশোবন্ত সিংয়ের 'জিন্নাহ: ইন্ডিয়া পার্টিশন ইনডিপেনডেন্স'র বইটিকে দেখা হচ্ছে বিজেপির মূল নীতিমালার চ্যালেঞ্জ হিসেবে। ভারত ভেঙে পাকিস্তান প্রতিষ্ঠার দাবি তোলায় বেশিরভাগ ভারতীয়র সঙ্গে বিজেপিও জিন্নাহকে খলনায়ক হিসেবেই দেখে থাকে।
রাজনৈতিক বিশ্লেষক কুলদীপ নায়ার বলেছেন, " বিজেপির হিন্দুত্ববাদ ও পাকিস্তানবিরোধী কথাবার্তার সরাসরি সাংঘর্ষিক হয়েছে বইটির বিষয়বস্তু।"
তিনি বলেন, "যশোবন্ত বহিস্কার হওয়ায় মনে হচ্ছে এতে দলের বেশিরভাগের অনুমোদন আছে। আরএসএস যে দলকে কুক্ষিগত করছে তা আমরা মনে করতেই পারি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০২৭ ঘ.
bdnews24