২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় সংঘর্ষে ইসলামিক দলের নেতাসহ নিহত ২২

গাজায় হামাস পুলিশের সঙ্গে সংঘর্ষে আল-কায়েদা সংশ্লিষ্ট ফিলিস্তিনি ইসলামিক দলের নেতা আব্দুল লতিফ মুসাসহ ২২ জন নিহত হয়েছে। হামাস শনিবার একথা জানিয়েছে। গাজাকে 'ইসলামিক আমিরাত' ঘোষণাকারী ওই ফিলিস্তিনি দলটির সঙ্গে শুক্রবার হামাস পুলিশের সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 01:00 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

গাজা, ১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় হামাস পুলিশের সঙ্গে সংঘর্ষে আল-কায়েদা সংশ্লিষ্ট ফিলিস্তিনি ইসলামিক দলের নেতা আব্দুল লতিফ মুসাসহ ২২ জন নিহত হয়েছে। হামাস শনিবার একথা জানিয়েছে। গাজাকে 'ইসলামিক আমিরাত' ঘোষণাকারী ওই ফিলিস্তিনি দলটির সঙ্গে শুক্রবার হামাস পুলিশের সংঘর্ষ হয়। হামাস পরিচালিত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, রাফা শহরে 'জুন্দ আনসার আল্লাহ' দলের সমর্থকদের সঙ্গে হামাস পুলিশের সংঘর্ষে আব্দুল লতিফ মুসা নিহত হয়েছেন। স্থানীয় নাগরিক অধিকার পর্যবেক্ষকরা রাফার এ সংঘর্ষে নিহতের সংখ্যা ২৮ এবং আহতের সংখ্যা ১০০ উল্লেখ করেছেন। দু'বছরের মধ্যে এটিই গাজায় ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষ। নিহতদের মধ্যে ৬ জন হামাসের পুলিশ সদস্য এবং ৬ জন বেসামরিক নাগরিক রয়েছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামাস কর্মকর্তারা বলেছেন, তিন শিশু নিহত হয়েছে। তারা এ ঘটনার জন্য জুন্দ আনসার আল্লাহ এবং এর আল-কায়েদা প্রণোদিত নেতা আব্দুল লতিফ মুসার 'আমিরাত' বা 'কঠোর ইসলামিক শাসন' ঘোষণার উস্কানিমূলক পদক্ষেপকে দায়ী করেছেন। কর্মকর্তারা জানান, স্থানীয় ধর্মীয় নেতা মুসা এবং তার ফিলিস্তিনি বংশোদ্ভুত এক সিরীয় সহযোগী খালেদ বানাত দুজনই এক আলোচককে হত্যা করার পর আত্মাহুতি দিয়েছেন। পুলিশ মুসার সন্দেহজনক বেশ কিছু অনুসারীকে গ্রেপ্তার করেছে। রাফা শহরের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে গাজাকে 'ইসলামিক আমিরাত' ঘোষণা করে মুসা গাজার হামাস শাসকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। ২০০৭ সালে পশ্চিমা-সমর্থিত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হটিয়ে দিয়ে গাজার ক্ষমতা দখল করে হামাস। তখন থেকেই হামাস অভ্যন্তরীন রক্তক্ষয়ী সংঘর্ষের চ্যালেঞ্জের মুখে আছে। হামাসের এক মুখপাত্র এর আগের খবরে জানান, সহিংসতায় ৬ হামাস পুলিশ ও এক সিরীয় নাগরিকসহ প্রায় ১৫ বন্দুকধারী নিহত হয়েছে। দলটির সঙ্গে জড়িত প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। সংঘর্ষে সিরীয় নাগরিক নিহত হওয়ার যে তথ্য হামাস দিয়েছে তা হামাস সরকার প্রধান ইসমাইল হানিয়ের বক্তব্যের বিপরীতে গেছে। গাজায় কোনও বিদেশি যোদ্ধা নেই বলে হানিয়ে এর আগে দাবি করেছিলেন। মুসার দলটি দু মাস আগে গাজায় তাদের উপস্থিতি জানান দেয়। এক সীমান্ত তল্লাশি অভিযানে দলের তিন সদস্য নিহত হওয়ার পর দলটি আত্মপ্রকাশ করে। শুক্রবার মসজিদের বাইরে দলটির পাকিস্তানি-ধাঁচের পোশাক পরা প্রায় ১০০ মুখোশধারীকে স্বয়ংক্রিয় অস্ত্র এবং রকেট চালিত গ্রেনেড লাঞ্চার হাতে দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ ঘ.