২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি-উপদ্রুত এলাকাগুলোতে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলল পাকিস্তান

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শুক্রবার আফগান সীমান্তের পশতুন আদিবাসী এলাকাগুলোয় রাজনৈতিক কর্মকান্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। আইনশৃঙ্খলাহীন ওই অঞ্চলে জঙ্গিদের প্রভাব শিথিল করতেই দৃশ্যত এ পদক্ষেপ নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ইসলামাবাদ, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শুক্রবার আফগান সীমান্তের পশতুন আদিবাসী এলাকাগুলোয় রাজনৈতিক কর্মকান্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। আইনশৃঙ্খলাহীন ওই অঞ্চলে জঙ্গিদের প্রভাব শিথিল করতেই দৃশ্যত এ পদক্ষেপ নিয়েছেন তিনি। পাকিস্তানের সাতটি আদিবাসী অঞ্চলকে বলা হয় 'ফেডারেলি এডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াজ' (এফএটিএ)। এই অঞ্চলগুলো আধা-স্বায়ত্বশাসিত। দেশের মূল প্রশাসনিক কিংবা রাজনৈতিক ধারায় এ অঞ্চলগুলো কখনই পুরোপুরি সম্পৃক্ত হয়নি। সেকারণে এ অঞ্চলগুলো আল-কায়েদা এবং তালেবান তৎপরতার আখড়ায় পরিণত হয়েছে। পাকিস্তান এবং আফগানিস্তানের গন্ডি ছাড়িয়ে এর বাইরেও সহিংসতা ছড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে এখান থেকেই। বিশ্লেষকরা বরাবরই এ অঞ্চলকে পাকিস্তানের বাদবাকী অংশের সঙ্গে সমন্বিত এবং সরকারের আওতাধীন করার পরামর্শ দিয়ে এসেছেন। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে পাকিস্তানের স্বাধীনতার বর্ষপূর্তি পালনকালে জারদারি শুক্রবার বলেন, "পশতুন আদিবাসীদেরকেও পাকিস্তানিদের মতো একই চোখে দেখা উচিত। আমরা আজ থেকে এফএটিএ তে রাজনৈতিক কর্মকান্ডের অনুমতি দিচ্ছি।" এফএটিএ শাসিত হয়ে আসছে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের শাসনপদ্ধতিতে। পাকিস্তানি আইনে নয়। এ অঞ্চলে রাজনৈতিক দলগুলোর কর্মকান্ড নিষিদ্ধ ছিল। একারণে এখানে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়ে কট্টরপন্থী মুসলিম ধর্মগুরুদের প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা। জারদারি বলেন, "আমরা মনে করি না তাদের আলাদা কোনও পরিচয় থাকা উচিত। আমরা মনে করি, যাদেরই পাকিস্তানি নাগরিকত্ব আছে তাদের ক্ষেত্রে সব পাকিস্তানি আইনই প্রযোজ্য হওয়া উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৫ ঘ.