ইসলামাবাদ, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ দেশে ফিরলে গ্রেপ্তারের মুখোমুখি হবেন। ২০০৭ সালে বিচারকদের বরখাস্ত করার ঘটনায় মঙ্গলবার থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ একথা জানিয়েছে।
১৯৯৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক একনায়ক মুশাররফকে অভিশংসিত করার জন্য পার্লামেন্ট উদ্যোগ নেওয়ায় তিনি গত বছর পদত্যাগ করেন। মাস দুয়েক আগে তিনি দেশত্যাগ করেন।
ইসলামাবাদের একটি থানার প্রধান পুলিশ কর্মকর্তা হাকাম খান রয়টার্সকে বলেন, "দেশে ফিরলে বা ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হতে পারে।"
তিনি বলেন, "দোষীসাব্যস্ত হলে মুশাররফের তিন বছরের কারাদণ্ড হতে পারে।"
পাকিস্তানের সাবেক সামরিক শাসকের বিরুদ্ধেএ ধরনের মামলা এটিই প্রথম।
মামলাটির বাদি, আইনজীবী মোহাম্মদ আসলাম ঘুমান রয়টার্সকে বলেন, "তিনি বিচারকদের অবৈধভাবে বরখাস্ত করে তাদের আটক করেন। এই অবৈধ ও অসাংবিধানিক পদক্ষেপের কারণে তার বিচার করা হবে। "
পাকিস্তানের সুপ্রিম কোর্ট এ মাসের গোড়ার দিকে এক রায়ে বলেছে, ২০০৭ সালের নভেম্বরে মুশাররফ দেশে জরুরি অবস্থা জারি করে ও বিচার ব্যবস্থা খর্ব করে সংবিধান লঙ্ঘন করেছেন। প্রেসিডেন্ট পদে টিকে থাকার জন্য মরিয়া হয়ে মুশাররফ ওই ব্যবস্থা নেন।
আদালত দেশোদ্রোহীতার অভিযোগে মুশাররফের বিচার করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার ভার পার্লামেন্টের ওপর অর্পণ করেছে।
দেশে তার বিরুদ্ধে নানা ছুরি ঝলকে ওঠায় মুশাররফ গত দু'মাসের বেশিরভাগ সময় লন্ডনে কাটিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক এই মিত্র ইউরোপে স্থায়ী হতে চাচ্ছেন বলেন ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২৩ ঘ.
bdnews24